পশ্চিমবঙ্গের সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারি মামলায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার সুদীপ্ত সেন মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে দিয়ে করানোর একটি আবেদনের ওপর গতকাল মঙ্গলবার শুনানিকালে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই অসন্তোষ প্রকাশ করেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি টি এস ঠাকুর ও বিচারপতি সি নাগাপ্পনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের সারদা কেলেঙ্কারি মামলার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রশ্ন তুলে বলেন, মামলাটি সিবিআই দিয়ে তদন্তযোগ্য। তার পরও কেন রাজ্য সরকার সিবিআই দিয়ে এই মামলার তদন্তে গড়িমসি করছে? একই সঙ্গে সারদার সম্পত্তির পরিমাণও জানাতে ব্যর্থ রাজ্য সরকার। আদালত সারদার সম্পত্তির বিবরণ আদালতে পেশ করারও নির্দেশ দেন।
অভিযোগ রয়েছে, সারদা গোষ্ঠী গ্রাহকদের অন্তত ২২ হাজার কোটি রুপি আত্মসাৎ করেছে। কেন্দ্রীয় সরকারের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) আলাদাভাবে তদন্ত শুরু করে। তবে পশ্চিমবঙ্গ সরকার তদন্তে তেমন সহযোগিতা করেনি বলে শুনানিতে জানায় ইডি।
বেসরকারি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান সারদা গোষ্ঠী অধিক মুনাফা দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা তোলে। রাজ্য সরকার ও সরকারের কয়েকজন মন্ত্রী ও বিধায়কের বিরুদ্ধে এই গোষ্ঠীকে সহযোগিতা করার অভিযোগ ওঠে।