রাজ্যসভাতেও এফডিআই পাস
খুচরা বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিয়ে লোকসভায় বিজয়ের পর এবার ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়ও জয়ী হয়েছে। গতকাল শুক্রবার এই ভোট অনুষ্ঠিত হয়।পার্লামেন্টের উভয় কক্ষে উতরে যাওয়ার পর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের পথে আর কোনো বাধা থাকল না।রাজ্যসভায় এফডিআইয়ের পক্ষে ১২৩টি ভোট পড়ে। আর বিপক্ষে ভোট পড়ে ১০৯টি। এর আগে গত বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় ভোটাভুটিতে ইউপিএ জোট ২৫৩-২১৮ ভোটে জয়লাভ করে।ভোটাভুটির আগে লোকসভা থেকে বেরিয়ে যায় মুলায়েম সিং যাদবের সমাজবাদী পার্টি। বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এফডিআইয়ের পক্ষে বক্তব্য রাখার সময় নরেশ আগরাওয়ালের নেতৃত্বে সমাজবাদী পার্টির নয়জন সদস্য লোকসভা থেকে বেরিয়ে যান। এর আগে গতকাল রাজ্যসভায় এফডিআই নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক হয়। পার্লামেন্টে বিরোধীরা অভিযোগ করেন, বাণিজ্যমন্ত্রী পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন। তাঁর ক্ষমা চাওয়া উচিত। এ সময় ব্যাপক হইচই শুরু হয়। পরে এক ঘণ্টার জন্য পার্লামেন্ট মুলতবি ঘোষণা করা হয়। টাইমস অব ইন্ডিয়া।