রাজ্যসভার আসন ১০০ কোটি রুপি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০ কোটি রুপি দিলে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার একটি আসন পাওয়া যায়। এমন দাবি করেছেন রাজ্যসভারই কংগ্রেস দলীয় সদস্য বীরেন্দর সিং। দেশের রাজনীতিকে এত নিচু পর্যায়ে নিয়ে আসায় বীরেন্দরের কঠোর সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। খবর পিটিআইয়ের।
হরিয়ানা রাজ্যের এই সংসদ সদস্য এক অনুষ্ঠানে দাবি করেন, ‘একসময় একজন আমাকে বলেছিল যে রাজ্যসভার আসন পেতে ১০০ কোটি রুপি লাগবে। তিনি ৮০ কোটি রুপিতেই এ আসন পেয়েছেন। এতে তাঁর ২০ কোটি রুপি বেঁচে গেছে।’
বীরেন্দরের এ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলটির মুখপাত্র ও রাজ্যসভার সদস্য প্রকাশ জাভদেকার বলেন, বীরেন্দর কীভাবে তাঁর আসন পেয়েছেন, সে উদাহরণ দিতে হবে। তিনি অভিযোগ করেন, ‘কংগ্রেসেরই এ ধরনের চুক্তি করার রীতি রয়েছে। কংগ্রেস দেশের রাজনীতিকে নিচু পর্যায়ে নিয়ে এসেছে।’