রাজ্যসভায় লোকপাল বিল পাস হয়নি, হট্টগোল
ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বহুল আলোচিত দুর্নীতিবিরোধী লোকপাল বিল পাস হয়নি। গত বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত তুমুল বিতর্কের পর রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যায়।বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত তুমুল বাগিবতণ্ডার পর ক্ষমতাসীন কংগ্রেস জোটের শরিক তৃণমূল ও বিরোধী দল বিজেপির বিরোধিতায় রাজ্যসভায় আটকে যায় বিলটি। গতকাল শুক্রবার এ জন্য নিজের শরিককে পাশ কাটিয়ে কংগ্রেস পুরো দোষ চাপিয়েছে বিজেপির ওপর। সেই সঙ্গে আগামী বাজেট অধিবেশনে বিলটি আবারও তোলার ঘোষণা দিয়েছে সরকার।রাজ্যসভায় বৃহস্পতিবার বেলা ১১টায় ‘লোকপাল’ বিল তোলা হয়। রাত ১২টা পর্যন্ত তর্কবিতর্ক চলে।বিতর্কের মূলে ছিল লোকপাল বিলের আওতায় রাজ্যগুলোয় লোকায়ুক্ত গঠন প্রসঙ্গ। বিরোধী দলগুলো ছাড়াও ক্ষমতাসীন কংগ্রেস জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করে। বিরোধীরা বলেছে, লোকায়ুক্ত গঠন রাষ্ট্রের কেন্দ্রীয় কাঠামোব্যবস্থার ওপর একটি আঘাত হবে।আবার রাজ্যসভায় বিলটি উত্থাপনের ঘোষণা দিয়েছে সরকার। সংসদবিষয়ক প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী বলেন, ‘আগামী মার্চে বাজেট অধিবেশনে আমরা অবশ্যই বিলটি আবার উত্থাপন করব।’ বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু।