রাডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধবিমান বানাল ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান নিজস্ব প্রযুক্তিতে ‘স্টিলথ’ যুদ্ধবিমান তৈরি করেছে। গত শনিবার এই যুদ্ধবিমানের উদ্বোধন করা হয়েছে। দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, তাঁদের এই বিমান রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম।নতুন যুদ্ধবিমানের নাম কাহার এফ-৩১৩। ২০০৭ সালে ইরানের সামরিক বাহিনী আজারাখাশ (বিজলি) নামের একটি যুদ্ধবিমান উদ্বোধন করে। ওই ঘটনার পর থেকে এ পর্যন্ত দেশটির সামরিক বাহিনী উদ্ভাবিত সর্বাধুনিক নকশার বিমান হচ্ছে এই কাহার এফ-৩১৩।শনিবার তেহরানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুদ্ধবিমানটির উদ্বোধন করা হয়। ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এদিন। অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেন, বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর জেটগুলোর ‘প্রায় সব ইতিবাচক বৈশিষ্ট্যই’ রয়েছে তাঁদের এই যুদ্ধবিমানে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ওই উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হয়। টেলিভিশনে ওই যুদ্ধবিমানের ছবিও দেখানো হয়। যুদ্ধবিমানটি দেখতে ইস্পাতের মতো ধূসর বর্ণের। বিমানটি ‘উন্নত উপাদান’ দিয়ে তৈরি করা হয়েছে এবং এতে খুবই নিম্নমাত্রার ‘রাডার সিগনেচার’ রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আহমাদ ভাহিদি।সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সামরিক বাহিনীর বহরে আধুনিক প্রযুক্তির সমরাস্ত্রের সমাবেশ ঘটানোর দাবি করে আসছিল তেহরান। তবে এত দিন তাদের এ দাবির সত্যতা যাচাই করা যায়নি। কারণ, দেশটি তাদের অস্ত্র সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করে না। ইরানের বিমানবাহিনীতে কয়েক ডজন রুশ ও মার্কিন মডেলের যুদ্ধবিমান আছে। এই যুদ্ধবিমানগুলো ১৯৭৯ সালের বিপ্লবের আগে সংগ্রহ করেছিল ইরান। ওই বিপ্লবের মাধ্যমে যুক্তরাষ্ট্র-সমর্থিত শাহকে ক্ষমতাচ্যুত করে ইসলামপন্থীরা ক্ষমতা দখল করলে দেশটির ওপর একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয়। নিষেধাজ্ঞার কারণে দেশটির সামরিক খাতের তেমন অগ্রগতি হয়নি। তাই নতুন যুদ্ধবিমানটি যে মানের বলে দেশটি দাবি করছে, তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। বিবিসি।