রাত নামলেই যেখানে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘যখন রাত নামে, আমরা ভয়ে কাঁপি। ঘুমাতে পারি না।’
নাম প্রকাশ না করে এভাবে আতঙ্ক প্রকাশ করেন ক্যামেরুনের এক পুলিশ সদস্য। গোলযোগপূর্ণ দেশ নাইজেরিয়ার প্রতিবেশী হচ্ছে ক্যামেরুন।
নাইজেরিয়া সীমান্তের কাছেই ক্যামেরুনের কয়েকটি গ্রাম। সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন ওই পুলিশ সদস্য। নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গিদের হামলা থেকে ওই গ্রামের বাসিন্দাদের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছেন তাঁরা। বোকো হারাম উত্তরাঞ্চলের ওই সীমান্তবর্তী এলাকায় প্রায়ই হামলা চালায়। প্রতিনিয়ত সেখানে রক্তপাত ও প্রাণহানির ঘটনা ঘটছে। গতকাল বুধবার এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

.
.

গত রোববার ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা বলেন, বোকো হারাম জঙ্গিদের শক্তিশালী ঘাঁটি হলো তারমোয়া। সেখান থেকে ৫০০ মিটার দূরে নারিকি গ্রামে জঙ্গি হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
জঙ্গিরা ক্যামেরুন সীমান্ত ব্যবহার করেই নাইজেরিয়ায় বেশি হামলা চালায়। ক্যামেরুনের আরেক পুলিশ কর্মকর্তা বলেন, এ মাসের শুরুতে জঙ্গিরা বম্বারি পুলিশ চৌকিতে হামলা করেছে। সেখান থেকে জঙ্গিরা একটি পিকআপ ট্রাক ও অস্ত্র লুট করে নিয়ে গেছে।
নাইজেরিয়ায় বোকো হারামের জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে ক্যামেরুনের র্যাপিড ইন্টারভেনশন ব্যাটালিয়ন। তারা সম্প্রতি বোকো হারামের একটি ক্যাম্প ধ্বংস করেছে। বোকো হারামের শক্তিশালী ঘাঁটি তারমোয়া সীমান্তের কাছে ওই ক্যাম্পটি ছিল। কিন্তু এসব প্রচেষ্টা সত্ত্বেও বোকো হারামের জঙ্গিদের হামলা বন্ধ হয়নি। এতে স্থানীয় বাসিন্দারা রয়েছেন আতঙ্কে। 

ক্যামেরুন ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানের কারণে বোকো হারাম এখন অনেকটাই বেসামাল। এর পরও তারা তত্পরতা চালিয়ে যাচ্ছে।

নাম প্রকাশ না করে এক কর্মকর্তা বলেন, জঙ্গিরা এখন সবকিছু জানে। তারা জানে কোথায় ক্যামেরুনের সেনাবাহিনী অবস্থান করছে। নাইজেরিয়া, ক্যামেরুন সেনাবাহিনীর মধ্যে সমন্বয়ের অভাবের কারণেই  জঙ্গিদের দমন করা যাচ্ছে না বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।