রানি কিছুই বলবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানি এলিজাবেথ
রানি এলিজাবেথ

স্কটল্যান্ডের স্বাধীনতার লক্ষ্যে আসন্ন গণভোটের বিষয়ে যুক্তরাজ্যের রানি এলিজাবেথ কোনো মতামত দেবেন না। গতকাল মঙ্গলবার বাকিংহাম প্যালেস থেকে রানির এ অবস্থান জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্কটল্যান্ড স্বাধীন হবে কি না, এ বিষয়ে আগামী সপ্তাহে গণভোট হওয়ার কথা। গণভোটে স্বাধীনতার পক্ষে রায় দেওয়ার জন্য এখন চলছে প্রচার।
সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমে দাবি করা হয়, যুক্তরাজ্য ভেঙে যাওয়ার আশঙ্কায় রানি এলিজাবেথ উদ্বিগ্ন। এ ছাড়া বিষয়টিতে রানির হস্তক্ষেপ চাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ওপর চাপ রয়েছে।
এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বাকিংহাম প্যালেস থেকে এ বিবৃতি দেওয়া হলো। প্রাসাদের এক মুখপাত্র বলেন, রানির কোনো মতামত গণভোটের চলমান প্রচারের ফলকে প্রভাবিত করতে পারে। আর তা হবে চরম ভুল। গণভোট সম্পর্কে রানির দৃষ্টিভঙ্গি হলো, এটি স্কটল্যান্ডের মানুষের বিষয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রানির অবস্থান রাজনীতির ঊর্ধ্বে। স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়টি নিয়ে কাজ করা রাজনৈতিক দপ্তরের দায়িত্ব।
স্কটিশ সরকার বলছে, গণভোটের মাধ্যমে স্বাধীন হলেও স্কটল্যান্ডের রাষ্ট্রপ্রধান রানি এলিজাবেথই থেকে যাবেন।