রানিকে কুর্নিশ না করে সমালোচনায় করবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরেমি করবিন। ছবি: এএফপি
জেরেমি করবিন। ছবি: এএফপি

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথকে কুর্নিশ করেননি বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। এ জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রীতি অনুযায়ী রানি গতকাল বুধবার ব্রিটিশ সংসদের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে ভাষণ দেন। তিনি তাঁর ভাষণে সরকারের প্রস্তাব তুলে ধরে নতুন সরকারের সূচনা করেন। এ সময় রানিকে কুর্নিশ না করে করবিন সমালোচিত হচ্ছেন।

সমালোচকেরা বলছেন, যুক্তরাজ্যের প্রতিষ্ঠানের প্রতি করবিনের শ্রদ্ধাবোধ নেই। তিনি ব্রিটিশদের জীবনধারা ধ্বংস করতে চান। রানিকে কুর্নিশ না করা তারই অংশ।

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী থেরেসা মেসহ অন্যরা মাথা ঝুঁকে রানিকে কুর্নিশ করছেন। কিন্তু করবিন তাঁর মাথা সোজা রেখেছেন।

পরে এক ব্যক্তিকে লক্ষ করে করবিন তাঁর চোখ টেপেন। রানিকে কুর্নিশ না করার সঙ্গে করবিনের এই চোখ টেপার বিষয়টি কোনো না কোনোভাবে জড়িত বলে মনে করেন কেউ কেউ।

রাজনৈতিক বিশ্লেষক ডেমেইন ম্যাকব্রাইডের ভাষ্য, রানিকে কুর্নিশ না করা নতুন নয়। এর আগে ২০১০, ২০১২, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে উভয় দলের নেতারাই রানিকে কুর্নিশ করেননি।

রানিকে কুর্নিশ না করায় বিশেষ করে রক্ষণশীল ঘরানার লোকজন করবিনকে আক্রমণ করছেন।

একজন অনলাইনে লিখেছেন, এটা রানির প্রতি করবিনের অশ্রদ্ধা প্রদর্শন।

আরেকজন লিখেছেন, ‘এ কাজ অমার্জনীয়।’

অন্য এক সমালোচনাকারী লিখেছেন, ‘রানি, গণতন্ত্র, পার্লামেন্ট বা ব্রিটিশ জনগণের প্রতি তাঁর (করবিন) শ্রদ্ধা নেই। তিনি একটি কমিউনিস্ট রাষ্ট্র চান।’