রানিকে 'কঠিন পরিস্থিতিতে' ফেলে দিয়েছেন মে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে শুধু নিজেই চাপে পড়েননি, তিনি রানি দ্বিতীয় এলিজাবেথকেও ‘কঠিন পরিস্থিতিতে’ ফেলে দিয়েছেন।
এমনটাই বলছেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একজন সাবেক প্রধান। লর্ড রিকেটস নামের সাবেক এই কর্মকর্তা বলেন, যে দ্রুততার সঙ্গে ট্রাম্পকে এ আমন্ত্রণ জানানো হয়েছে তা তাঁকে বিস্মিত করেছে।
ট্রাম্পের এ রাষ্ট্রীয় সফর বাতিলের এক আবেদনে সই করেছে যুক্তরাজ্যের ১৬ লাখের বেশি মানুষ। তবে ট্রাম্পের সফরের পক্ষে সমর্থনকারীর সংখ্যাও যে নেহাত কম নয়; ৭০ হাজারের বেশি। তাঁরা পাল্টা এক আবেদনে স্বাক্ষর করেছেন।
লর্ড রিকেটস বলেন, থেরেসা মে যা করলেন তাতে এখন রানি এক কঠিন পরিস্থিতির মুখে পড়লেন। তিনি বিবিসির রেডিও ফোরের টুডে প্রোগ্রামকে বলেন, রানি এলিজাবেথ স্বাভাবিকভাবেই চাইবেন তাঁর দেশে মার্কিন প্রেসিডেন্টের সফর তারকাসুলভ, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ করতে। কিন্তু এ মুহূর্তে যুক্তরাজ্যে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর হবে পুরোপুরি বিতর্কিত।
ট্রাম্পের এ সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে এ রকম সফরে প্রায়ই যা হয় তা হলো, প্রেসিডেন্টকে বাকিংহাম প্যালেসে অবস্থানের জন্য রানি আহ্বান জানিয়ে থাকেন।
ট্রাম্পের সম্ভাব্য সফর নিয়ে সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ডেইলি টেলিগ্রাফ-এ লেখেন, আমাদের অধিকাংশ ডোনাল্ড ট্রাম্পের প্রথম ১০ দিনে গৃহীত নীতিগুলো মেনে নিতে রাজি নন।