রানির প্রাসাদের বাইরে ছুরিসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাকিংহাম প্যালেস। ছবি: এএফপি
বাকিংহাম প্যালেস। ছবি: এএফপি

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সরকারি বাসভবন বাকিংহাম প্যালেসের বাইরে একটি বড় ছুরিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের সময় দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় অবশ্য বাকিংহাম প্যালেসে রাজপরিবারের কোনো সদস্য ছিলেন না। সাধারণত ওই এলাকাটি বিশেষ নিরাপত্তাব্যবস্থার ঘেরাটোপে আবৃত থাকে। প্যালেসের চারপাশের অনেক এলাকাই পার্কিং নিষিদ্ধ ও সাধারণের চলাচলের জন্য অনুমোদিত নয়। তারপরও কীভাবে এ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় প্রাসাদের কাছে নিরাপত্তা কর্মকর্তারা একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন। পার্কিং নিষিদ্ধ এলাকায় ২৬ বছর বয়সী ওই ব্যক্তি গাড়ি দাঁড় করেছিলেন। গাড়ির কাছে গিয়ে নিরাপত্তা কর্মকর্তারা গাড়ির ভেতরে ‘বড় ধারালো ছুরিসহ’ ওই ব্যক্তিকে দেখতে পান। এ সময় তাঁকে গ্রেপ্তার করতে গেলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে দুজন পুলিশ সদস্য সামান্য আহত হন। আহত হন ওই ব্যক্তিও। তাঁকে গ্রেপ্তার করে চিকিত্সা দেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

প্রাথমিক চিকিৎসা শেষে ওই ব্যক্তিকে সেন্ট্রাল লন্ডনের একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থল ও এর আশপাশ এখনো ঘিরে রেখেছে পুলিশ।