রানির বক্তব্য নতুন সরকারের সূচনা, সুরাহা হয়নি জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানি এলিজাবেথ
রানি এলিজাবেথ

জোট প্রশ্নে কোনো সুরাহা হওয়ার আগেই নতুন সরকারের প্রস্তাবনা তুলে ধরলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। নতুন সরকারের পরিকল্পনায় ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) বাস্তবায়নকে প্রাধান্য দিয়েছেন তিনি। আর সরে এসেছেন নির্বাচনে দেওয়া নানা বিতর্কিত প্রতিশ্রুতি থেকে।

রীতি অনুযায়ী রানি দ্বিতীয় এলিজাবেথ বুধবার ব্রিটিশ সংসদের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে দেওয়া ভাষণে সরকারের প্রস্তাব তুলে ধরে নতুন সরকারের সূচনা করেন। এদিনই নিম্ন কক্ষ হাউস অব কমনসে রানির ভাষণের ওপর বিতর্ক শুরু হয়। ২৭ জুন চূড়ান্ত ভোটাভুটিতে এ ভাষণ পাশ হলে সরকারে টিকতে পারবেন মে।

থেরেসা মে
থেরেসা মে

গত ৮ জুন অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে থেরেসা মে মাত্র ১০ আসন জিতা দক্ষিণ আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্টস পার্টির (ডিইউপি) সঙ্গে সমঝোতা করে সরকার গঠনের ঘোষণা দেন। কিন্তু গত ১২ দিনেও সেই সমঝোতা হয়নি। গত মঙ্গলবার ডিইউপি’র সমর্থনকে অবধারিত মনে না করতে কনজারভেটিভদের সতর্ক করে দিয়েছেন দলটির এক জ্যেষ্ঠ নেতা। তবে সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি (ফার্স্ট সেক্রেটারি অব দ্য স্টেট) ডেমিয়ান গ্রিন ডিইউপি’র সঙ্গে এখনো সমঝোতা সম্ভব বলে আশা প্রকাশ করেন।

সাধারণত প্রতি বছর রানির ভাষণের মাধ্যমে সরকার সংশ্লিষ্ট বছরের আইন প্রণয়ন ও আইন সংস্কার সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরে। কিন্তু প্রধানমন্ত্রী থেরেসা মে রানির আগামী বছরের নির্ধারিত ভাষণ বাতিল ঘোষণা করে বলেছেন, ব্রেক্সিট নিয়ে আগামী বছর খুব ব্যস্ত যাবে। তাই এবার সরকার দুই বছরের পরিকল্পনা একসঙ্গে তুলে ধরেছে। ৯৫ বছর বয়সী রানি এবার সংসদে তার ৬৪ তম ভাষণ দিলেন।

রানির ভাষণে মে মোট ২৪টি আইন প্রণয়ন ও সংস্কারের প্রস্তাব তুলে ধরেছেন। তার আটটিই ব্রেক্সিট সংক্রান্ত। ইইউ ছাড়ার পর ব্রিটেনের নিজস্ব অভিবাসন, বাণিজ্য, কৃষি, বিচারব্যবস্থা সংক্রান্ত এসব আইন করা হবে। বাকি বিলগুলোর বেশির ভাগই আগের মেয়াদের, যা মধ্যবর্তী নির্বাচনের কারণে সম্পন্ন করা যায়নি। মে এত দিন প্রয়োজনে সমঝোতা ছাড়াই ইইউ ছাড়ার কথা বলে আসলেও রানির ভাষণে সেই ইঙ্গিত নেই। ভাষণে আছে, ২০১৮ সালের এপ্রিলে কমনওয়েলথ সরকার প্রধানদের নিয়ে সম্মেলনের আয়োজন করবে যুক্তরাজ্য। একের পর এক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে উগ্রবাদ দমনে নতুন কমিশন গঠন করা হবে। প্যারিস জলবায়ু চুক্তি মেনে চলবে মে’র সরকার। তবে চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফরের কথা থাকলেও রানির ভাষণে তার উল্লেখ না থাকায় এই সফর আপাতত হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।

লেবার পার্টির ইভেট কুপার বলেন, নির্বাচনে কৃচ্ছ্রসাধনের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে। কিন্তু কনজারভেটিভের থেকে কোনো শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। প্রস্তাবনায় স্পষ্ট, তারা বাজেট কর্তন নীতি থেকে সরে আসছে না। এসএনপির জোয়ানা চ্যারি বলেন, নির্বাচনের পর ইচ্ছামাফিক কৃচ্ছ্রসাধন আর ব্রেক্সিট বাস্তবায়নের সুযোগ মে’র নেই, সেটি তাঁকে বুঝতে হবে।

ব্রেক্সিট বাস্তবায়ন প্রশ্নে সংসদে সকল দলের কথা শুনে সর্বোচ্চ সমর্থন আদায়ের চেষ্টা চালাবেন বলে ঘোষণা দিয়েছেন মে।

বিবিসি’র রাজনীতি বিষয়ক সম্পাদক লরা কুয়েন্সবার্গ বলেন, বিরোধী দল লেবার পার্টি খুব নিকটেই ক্ষমতার আলো দেখছে। তাই তারা চাইবে থেরেসার প্রস্তাব সংসদে পরাজিত করে দ্রুত নতুন নির্বাচনের পথে হাঁটতে।