রানির ভাষণ ও ঐতিহ্য

যুক্তরাজ্যের রানির ভাষণের মধ্য দিয়ে নতুন পার্লামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অবশ্য এই ভাষণ সরকারেরই তৈরি করা। এই ভাষণে থাকে পরের বছরটিতে সরকার কী করবে না করবে, সে বিষয়ে দিকনির্দেশনা। এ-সংক্রান্ত বিল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আলোচনা করে পাস করা হলেও রানি কিন্তু ভাষণ দেন পার্লামেন্টের উচ্চকক্ষ বা হাউস অব লর্ডসে।
পার্লামেন্টের প্রথম দিনে রানির ভাষণ নিয়ে থাকে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। এর মূল আকর্ষণ তাঁর প্রতিনিধি ‘ব্ল্যাক রড’। রানি আসন গ্রহণের পর এমপিদের ডেকে নিয়ে আসতে তাঁর এই প্রতিনিধিকে হাউস অব কমন্সে পাঠানো হয়। কিন্তু দরজার কাছে যেতেই ধপাস করে সেটি তাঁর মুখের ওপর বন্ধ করে দেওয়া হয়। এ প্রতীকী প্রথার রয়েছে গভীর তাৎপর্য। এর মধ্য দিয়ে বোঝানো হয়, রাজতন্ত্র থেকে পার্লামেন্ট স্বাধীন। যা হোক, ব্ল্যাক রড তাঁর হাতের কালো ছড়ি দিয়ে বন্ধ দরজায় তিনবার আঘাত করেন। এরপর দরজা খুলে যায়। তিনি ভেতরে প্রবেশ করে এমপিদের হাউস অব লর্ডসে যাওয়ার আহ্বান জানান। এমপিরা তাঁকে অনুসরণ করে পার্লামেন্টের উচ্চকক্ষে প্রবেশ করে রানির ভাষণ শোনেন। পরে এমপিরা আবার হাউস অব কমন্সে ফিরে আসেন। রানির ভাষণের ওপর সেখানে ভোটাভুটি হয়। নিয়ম অনুযায়ী এ ভোটে হারলে সরকারকে পদত্যাগ করতে হয়।
ব্ল্যাক রড ব্রিটিশ পার্লামেন্টে উচ্চকক্ষের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। পুরো পদের নাম জেন্টলম্যান আশার অব দ্য ব্ল্যাক রড। হাউস অব লর্ডসের নিরাপত্তা ও নানা অনুষ্ঠানের দায়িত্ব তিনি পালন করেন। সূত্র: বিবিসি