রানির সিংহাসন আরোহণের হীরকজয়ন্তীতে টেমস নদীতে বর্ণাঢ্য নৌভ্রমণ
টেমস নদীতে বর্ণাঢ্য নৌভ্রমণের মাধ্যমে সিংহাসন আরোহণের হীরকজয়ন্তী উদ্যাপন করবেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। নৌভ্রমণে রানি চড়বেন নতুন তৈরি একটি বজরায়। এক হাজার জাহাজের নৌবহরের সামনে থাকবে তাঁকে বহনকারী বজরাটি। নৌভ্রমণের আয়োজকেরা গত মঙ্গলবার এসব কথা জানান।৩৫০ বছরের মধ্যে টেমস নদীতে এটাই হবে সবচেয়ে বড় আয়োজন। আগামী বছরের ৩ জুন এই বর্ণাঢ্য নৌভ্রমণের আয়োজন করা হবে। রানি দ্বিতীয় এলিজাবেথের ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উদ্যাপনের জন্য ওই দিন সরকারি ছুটি ঘোষণা করা হবে।নৌভ্রমণের আয়োজক টেমস ডায়মন্ড জুবিলি ফাউন্ডেশন জানায়, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিমের পাটন থেকে এই নৌভ্রমণ শুরু হবে। শেষ হবে কেন্দ্রীয় টাওয়ার ব্রিজ এলাকায়। রানি যে বজরায় ভ্রমণ করবেন, সেটিকে ১৮০০ শতকের জাহাজের মতো করে সাজিয়ে তোলা হবে।প্রিন্স হ্যারি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন এই নৌভ্রমণে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ২৯ এপ্রিল উইলিয়াম ও মিডলটনের বিয়ে হবে।৩০ থেকে ৪০ হাজার মানুষ এই নৌভ্রমণে অংশ নেবেন। ১০ লাখেরও বেশি মানুষ টেমস নদীর তীর থেকে শোভাযাত্রা উপভোগ করবেন বলে আশা করছেন আয়োজকেরা। এএফপি।