রাব্বানি সমাহিত, বিক্ষোভ
তালেবানের আত্মঘাতী হামলায় নিহত আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানিকে গতকাল শুক্রবার কাবুলে সমাহিত করা হয়েছে। দাফনের সময় রাব্বানি হত্যাকাণ্ডের প্রতিবাদে তাঁর সমর্থকেরা ব্যাপক বিক্ষোভ করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দাফনে কয়েক হাজার লোক অংশ নেয়। দাফন অনুষ্ঠানে জড়ো হওয়া রাব্বানির সমর্থকেরা সরকারি গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। তারা যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ধ্বংস কামনা করে স্লোগান দেয়। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিতে ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দাফনকার্য শেষ হওয়ার পরপরই রাব্বানির সমর্থকেরা আবার কালো পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ শুরু করে। রাব্বানির সমর্থকেরা বলেছে, তারা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সময় কাবুলের রাস্তায় কয়েক হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এএফপি।