রাব্বানি হত্যাকাণ্ডের দায় স্বীকার তালেবানের
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানির হত্যার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পরিচয়ে গতকাল বুধবার অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সের কাছে এ দায় স্বীকার করেন।গত মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাব্বানি। তিনি ‘হাই কাউন্সিল ফর পিস’ নামের একটি পর্ষদের প্রধান ছিলেন। তালেবানের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই পর্ষদকে।জাবিউল্লাহ মুজাহিদ বলেন, রাব্বানিকে হত্যা করতে তালেবানরা তাঁর বিশ্বাস অর্জন করেন। তাঁর দাবি, আত্মঘাতী হত্যাকারী দুই তালেবান সদস্য আলোচনার জন্য রাব্বানির বাসায় গিয়েছিলেন। ওই দুই তালেবান এর আগেও রাব্বানির বাসায় অনেকবার গিয়েছেন। তাঁরা রাব্বানি ও তাঁর দেহরক্ষীদের বিশ্বাসযোগ্যতা অর্জন করেন। দুই আত্মঘাতী তালেবান রাব্বানিকে বলেছিলেন, তাঁরা অচিরেই জ্যেষ্ঠ তালেবান নেতাদের আলোচনার টেবিলে নিয়ে আসবেন।জাবিউল্লাহ সতর্ক করে বলেন, ভবিষ্যতে তাঁরা এমনভাবে আরও অনেককেই হত্যা করবেন। রয়টার্স।