রামদেবের আশ্রমে যশোদাবেন?

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন যোগগুরু বাবা রামদেবের আশ্রমে রয়েছেন বলে খবর বেরিয়েছে। মোদি বিবাহিত বলে প্রথমবারের মতো স্বীকার করার পর আলোচনায় আসেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা যশোদাবেন। তবে তিনি তখন তীর্থযাত্রায় চলে গেছেন বলে গুজব রটে।
ভারতের দ্য উইক নামের একটি সাময়িকীর খবরে দাবি করা হয়, যশোদাবেন উত্তরাখন্ডের ঋষিকেশে নীলকণ্ঠ মহাদেব মন্দিরের কাছে রামদেবের একটি আশ্রমে আছেন। লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন।
বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) সূত্রের বরাত দিয়ে এ খবর ছেপেছে দ্য উইক। সাময়িকীটির খবরে বলা হয়, ‘যশোদাবেনকে মোদি নিজের স্ত্রী হিসেবে স্বীকার করে নেওয়ার পরপরই হিন্দু জাতীয়তাবাদীর কর্মী ও নিরাপত্তাকর্মীদের একটি দল তীর্থযাত্রী বেশে যশোদাবেনের বাড়িতে যায়। তারা তাঁকে বলে, তাঁর দীর্ঘদিনের চরধাম যাত্রার আশা সত্যি হয়েছে।’
সূত্রটি দ্য উইককে জানিয়েছে, দলটি যশোদাবেনকে আহমেদাবাদে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে আকাশপথে উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড রাজ্যের সীমান্তবর্তী আওরঙ্গবাদে নিয়ে যাওয়া হয়। তাঁকে ঋষিকেশে পাহাড়ের ওপর নির্জন আশ্রমে নিয়ে রাখা হয়েছে। ১৩ এপ্রিল একটি সাদা গাড়িতে করে একজন নারীকে ওই আশ্রমে নিয়ে আসা হয় বলেও নিশ্চিত করেছে আশ্রমের কয়েকজন কর্মী।
দ্বারকাপীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সাময়িকীটি আরও লিখেছে, ‘নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে যশোদাবেনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সম্ভবত তিনি নিজেও জানেন না যে তাঁর সঙ্গে থাকা মানুষগুলো তীর্থযাত্রী নন, তাঁরা তাঁকে জনগণের চোখ থেকে আড়ালে রাখার দায়িত্বে রয়েছেন।’
সম্প্রতি গুজরাট রাজ্যের ভাদোদারা আসনে মনোনয়নপত্র দাখিলের সময় এক হলফনামায় মোদি নিজেকে বিবাহিত এবং স্ত্রীর নাম যশোদাবেন উল্লেখ করেন। জি নিউজ।