রামলীলা ময়দানে অনশন শুরু রামদেবের
ভারতের যোগগুরু বাবা রামদেব গতকাল বৃহস্পতিবার তিন দিনের অনশন শুরু করেছেন। দুর্নীতিবিরোধী শক্তিশালী লোকপাল বিলের দাবিতে নয়াদিল্লির রামলীলা ময়দানে শুরু হওয়া এই অনশনে তাঁর সমর্থকেরাও যোগ দিয়েছেন।গতকাল রামদেব তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এই তিন দিনের অনশনে আমরা কোনো ধরনের খাদ্য ও পানীয় গ্রহণ করব না। তিন দিন পর পরবর্তী কৌশল ঠিক করা হবে।’ রামদেব দাবি করেন, তাঁর এই অনশন কর্মসূচি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়। তিনি দুর্নীতিবিরোধী শক্তিশালী লোকপাল বিলের পাশাপাশি বিদেশে পাচার হওয়া কালো টাকা ফিরিয়ে আনা ও স্বাধীন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) দাবি জানান।ভারতে নির্বাচন কমিশনার, সিএজি, সিভিসি ও সিবিআই পরিচালক নিয়োগের বর্তমান প্রক্রিয়ার পরিবর্তনও চান রামদেব। গান্ধীবাদী বিশিষ্ট নেতা আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলন প্রসঙ্গে রামদেব বলেন, তিনি আন্নার আন্দোলনকে সমর্থন করলেও টিম আন্নার অংশ নন।চলতি পার্লামেন্ট অধিবেশনেই শক্তিশালী লোকপাল বিল পাস করার দাবি জানিয়ে রামদেব বলেন, ‘দুর্নীতিবিরোধী শক্তিশালী আইনের দাবিতে আমাদের লড়াই এখনো শেষ হয়ে যায়নি। এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। দুর্নীতিবাজ প্রতিটি ব্যক্তিকে শাস্তি দিতে হবে। আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। আমাদের লক্ষ্য হলো, একটি মহান জাতি গড়ে তোলা।’গত বছরের জুনে এই রামলীলা ময়দানেই অনশনের প্রস্তুতি নিয়েছিলেন রামদেব। সেখানে রাতের অন্ধকারে পুলিশি হামলায় তা পণ্ড হয়ে যায়। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।