রামাল্লার প্রথম পাঁচতারকা হোটেলের যাত্রা শুরু
ফিলিস্তিনে গত সোমবার প্রথমবারের মতো একটি বিলাসবহুল পাঁচতারকা হোটেলের উদ্বোধন হয়েছে। পশ্চিম তীরের রামাল্লায় গড়ে উঠেছে দ্য মোভেনপিক নামের ওই হোটেলটি। সংঘাতের ঘটনা কমে আসায় পশ্চিম তীরের জীবনযাত্রায় সম্প্রতি যে স্বাভাবিকতা লক্ষ করা যাচ্ছে, এ হোটেলটির নবযাত্রা সে অবস্থাকে আরও স্পষ্টভাবে দৃশ্যমান করছে বলে মনে করা হচ্ছে। অধিকৃত পশ্চিম তীরে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতেও এই হোটেল ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। রামাল্লার একটি টিলার ওপর গড়ে উঠেছে ছয়তলাবিশিষ্ট হোটেলটি। হোটেলকক্ষ থেকে নিচে তাকালে চোখে পড়ে ফিলিস্তিনিদের শরণার্থীশিবির। দূরে তাকালে দেখা যাবে, জেরুজালেমের পাশঘেঁষে গড়ে ওঠা বিভক্তি দেয়াল। সুইজারল্যান্ডভিত্তিক মালিকানাধীন এ হোটেলে কক্ষ রয়েছে ১৭১টি। রয়েছে একটি আউটডোর পুল, একটি ব্যায়ামাগার এবং বিশাল বিশাল সাতটি সম্মেলনকক্ষ। এখানকার রেস্তোরাঁয় পাওয়া যাবে কয়েকটি দেশের খাবার। বারে আছে ২০ বছরের পুরোনো দামি মদ।হোটেল কর্তৃপক্ষ বলেছে, রামাল্লায় বাইরে থেকে আসা বড় বড় উদ্যোক্তা, সাহায্যকর্মী এবং কূটনীতিকদের সেবা দেওয়ার কথা মাথায় রেখেই তাঁরা এ উদ্যোগ নিয়েছেন। হোটেলটি নির্মাণ করতে গিয়ে ব্যয় হয়েছে চার কোটি ডলার। হোটেল কর্তৃপক্ষ মনে করছে, রামাল্লায় বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং সেখানকার স্থানীয় বাণিজ্য বাড়াতে হোটেলটি বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়ে দেবে।হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ড্যানিয়েল রোশ বলেছেন, তাঁরা পশ্চিম তীরের উন্নতি হবে বলে বিশ্বাস করেন। একই সঙ্গে এ হোটেলের ভবিষ্যৎ উন্নয়নেও তাঁরা আশাবাদী। এটা রামাল্লার জন্য একটি অনন্য সুযোগ। এএফপি।