রায়ের অপেক্ষায় আসামিদের শেষ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার চার আসামি রায় শোনার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন। কারাগারে তাঁরা সুযোগ পেলেই টিভি দেখেছেন। ফাঁসির দণ্ড ঘোষণার পরও আইনি প্রক্রিয়ার কারণে তাঁরা বাঁচার ক্ষীণ স্বপ্ন দেখছেন।
গতকাল শুক্রবার মামলার শেষ চার আসামি মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্ত ও অক্ষয় ঠাকুরকে মৃত্যুদণ্ড দেন দিল্লির বিশেষ আদালত। দণ্ড ঘোষণার সময় তাঁদের অনেকটাই নির্বিকার দেখাচ্ছিল।
দিল্লির তিহার কারাগারের একজন কর্মকর্তা জানান, মামলার খবর বা কী ধরনের রায় হতে পারে, সে বিষয়ে ধারণা পেতে গত বৃহস্পতিবার তাঁরা প্রায় সারা দিনই টিভির সামনে আঠার মতো লেগে ছিলেন।
কারাগারের সূত্র জানায়, চারজনের মধ্যে বয়সে ছোট পবন ও বিনয় জ্বরে আক্রান্ত হন। বৃহস্পতিবার সকালে কারাগার থেকে তাঁদের ওষুধ দেওয়া হয়। পরে চারজনই তাঁদের নিজ নিজ আইনজীবীর সঙ্গে দেখা করেন। এরপর প্রথমবারের মতো তাঁদের একসঙ্গে রাখা হয়। হিন্দুস্তান টাইমস।