রাশিয়ায় আশ্রয় পেলেন স্নোডেন

মার্কিন সরকারের নজরদারির তথ্য ফাঁস করে আলোড়ন তোলা এডওয়ার্ড স্নোডেন অবশেষে রাশিয়ায় এক বছরের জন্য আশ্রয় পেয়েছেন। তিনি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর ছেড়ে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করেন। ভ্রমণের জন্য পাসপোর্ট বা কোনো কাগজপত্র না থাকায় গত ২৩ জুন থেকে স্নোডেন বিমানবন্দরে আটকে ছিলেন।
আইনজীবী আনাতোলি কুচেরেনা বলেন, স্নোডেনকে বিমানবন্দরের ট্রানজিট এলাকা ছেড়ে রাশিয়ার ভূখণ্ডে পা রাখার জন্য সাময়িক সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর ওপর নজরদারিও বন্ধ করা হয়েছে। অনুমতি পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই স্নোডেন বিমানবন্দর ছেড়ে যান। তবে তাঁর অবস্থান এখন জনসাধারণের কাছে গোপন রাখা হয়েছে।
দেশে-বিদেশে মার্কিন সরকারের গোয়েন্দা নজরদারির তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে স্নোডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। তাঁকে আশ্রয় দেওয়ার কারণে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র এই ঘটনায় গতকাল তীব্র হতাশা ব্যক্ত করে বলেছে, সেপ্টেম্বরের শুরুতে মার্কিন-রুশ শীর্ষ পর্যায়ের যে বৈঠকের কথা রয়েছে, ওয়াশিংটন তা পুনর্বিবেচনা করবে।
স্নোডেন কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ছেড়ে প্রথমে হংকং যান। সেখান থেকে গত ২৩ জুন রাশিয়ায় পৌঁছান। তিনি বহু দেশে আশ্রয়ের আবেদন জানালেও মূলত লাতিন আমেরিকার কয়েকটি দেশই কেবল আবেদনে সাড়া দেয়। কিন্তু ভ্রমণের বৈধ কাগজপত্র না থাকায় গ্রেপ্তার এড়িয়ে শেরেমেতিয়েভো বিমানবন্দর ছেড়ে যাওয়া তাঁর জন্য কঠিন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র তাঁর পাসপোর্ট বাতিল করেছে।
বহু সাংবাদিকের নজর এড়িয়ে স্নোডেন বিমানবন্দর ছেড়ে যেতে সমর্থ হন। উইকিলিকস টুইটার বার্তার মাধ্যমে স্নোডেনের আশ্রয় পাওয়ার খবর ছড়িয়ে দেয়। ওই বার্তায় বলা হয়, উইকিলিকসের সদস্য সারাহ হ্যারিসনের তত্ত্বাবধানে স্নোডেন বিমানবন্দর ছেড়ে গেছেন। এতে আরও বলা হয়, ‘আমরা লড়াইয়ে জিতেছি। এবার জিতব যুদ্ধ।’ এএফপি ও বিবিসি।