রাশিয়ায় মানসিক হাসপাতালে আগুন, মৃত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পশ্চিম রাশিয়ার একটি মানসিক হাসপাতালে গত বৃহস্পতিবার আগুন লেগে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন রোগী।
নভগোরোদ অঞ্চলের লুকা গ্রামে ওকসোচি হাসপাতালে এ অগ্নিকাণ্ড ঘটে। কাঠের তৈরি হাসপাতাল ভবনটিতে ৬০ জনের থাকার ব্যবস্থা ছিল। একজন রোগীর মাধ্যমেই আগুনের সূত্রপাত হয় বলে মনে করা হচ্ছে।
কর্তৃপক্ষ নিরাপত্তা নিয়ে উদ্বেগের জন্য ভবনটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রথমে একতলা হাসপাতালটির পুরুষ ওয়ার্ডে আগুন লাগে।
আঞ্চলিক গভর্নর সের্গেই মিতিন বলেন, হাসপাতালের কর্মচারীরা এক রোগীকে আগুনের শিখায় ঢাকা অবস্থায় দেখেন। সম্ভবত তিনি বিছানার মধ্যে ধূমপান করছিলেন এবং তা থেকে জাজিমে আগুন লাগে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন সেবিকা ছিলেন, যিনি রোগীদের রক্ষা করার চেষ্টা করছিলেন। রাশিয়ার বিভিন্ন সরকারি স্থাপনায় সাম্প্রতিক বছরগুলোতে আগুন লেগে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। গত এপ্রিল মাসে মস্কোর কাছে এক মানসিক হাসপাতালে আগুন লাগলে ৩৮ জন নিহত হন। বিবিসি ও রয়টার্স।