রাশিয়ায় সাময়িক আশ্রয় চেয়েছেন স্নোডেন

যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেন রাশিয়ায় সাময়িক আশ্রয় চেয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার কেন্দ্রীয় অভিবাসন দপ্তর সূত্র নিশ্চিত করেছে, মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে থাকা স্নোডেন আশ্রয় পেতে প্রয়োজনীয় নথিপত্রের কাজ সম্পন্ন করেছেন।
গোপন নজরদারি নিয়ে বিস্তারিত তথ্য ফাঁস করায় যুক্তরাষ্ট্র খুঁজে বেড়াচ্ছে স্নোডেনকে। ভ্রমণসংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় লাতিন আমেরিকার কয়েকটি দেশে আশ্রয়ের প্রস্তাব দিলেও তা গ্রহণ করতে পারছেন না স্নোডেন।
রাশিয়ার আইনজীবী আনাতোলি কুচেরেনার সহায়তায় রাশিয়ায় সাময়িক আশ্রয়ের আবেদন করেছেন স্নোডেন। দেশটির প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের সঙ্গে আইনজীবী কুচরেনার ভালো বোঝাপড়া আছে।
কুচরেনা বলেন, স্নোডেন যুক্তরাষ্ট্রে গেলে নির্যাতন ও বিচারের সম্মুখীন হবেন বলে তাঁর আশ্রয় আবেদনে উল্লেখ করেছেন।
রাশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, স্নোডেনের করা আবেদন বিবেচনাধীন। বিমানবন্দরের একটি স্থানে তাঁকে শরণার্থীর সুবিধা দেওয়া হতে পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবেন না বলে জানিয়েছেন। তবে তিনি এ-ও বলেছেন, যুক্তরাষ্ট্রের নজরদারি প্রকল্পের তথ্য ফাঁস না করার শর্তেই রাশিয়ায় থাকতে পারবেন স্নোডেন।