রাশিয়ার ওয়েবসাইটে চাকরি পেয়েছেন স্নোডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড স্নোডেনের নতুন ছবি
এডওয়ার্ড স্নোডেনের নতুন ছবি

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের রুশ আইনজীবী আনাতোলি কুচেরেনা জানিয়েছেন, তাঁর মক্কেল রাশিয়ার একটি ওয়েবসাইটে চাকরি পেয়েছেন। চলতি মাসেই তাঁর সেখানে কাজ শুরু করার কথা।
আইনজীবী কুচেরেনা গতকাল বৃহস্পতিবার জানান, রাশিয়ার একটি বড় ওয়েবসাইটে কাজ করবেন স্নোডেন। তবে নিরাপত্তাজনিত কারণে ওই ওয়েবসাইটের নাম প্রকাশে অস্বীকৃতি জানান তিনি।
সিআইএর সাবেক কর্মী স্নোডেন মার্কিন গোপন নজরদারির তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন। গত জুনে তিনি যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে হংকং যান। সেখান থেকে মস্কো গিয়ে রাজনৈতিক আশ্রয় পান।
নতুন ছবি প্রকাশ: এদিকে এডওয়ার্ড স্নোডেনের আরও একটি নতুন ছবি প্রকাশ করেছে রাশিয়ার জনপ্রিয় ওয়েবসাইট লাইফ নিউজ। ছবিতে দেখা যায়, মস্কোর একটি নদীতে নৌকাভ্রমণ করছেন স্নোডেন।
ওয়েবসাইটটি জানায়, ছবিটি গত সেপ্টেম্বরে তোলা হয়েছিল। স্মার্টফোনে ছবিটি পাঠানোর জন্য তাদের পক্ষ থেকে স্নোডেনকে তিন হাজার ১২২ ডলার দেওয়া হয়।
একই ওয়েবসাইট গত মাসের শুরুর দিকে স্নোডেনের অন্য একটি ছবি প্রকাশ করেছিল। ওই ছবিতে দেখা যায়, স্নোডেন বাজারের ট্রলি ঠেলছেন। তাঁর রুশ আইনজীবী আনাতোলি কুচেরেনা ওই ছবির সত্যতা নিশ্চিত করেছিলেন।
রুশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা লাইফ নিউজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ছবি সাক্ষ্য দেয়, স্নোডেন মস্কোতে স্থায়ীভাবে বসবাস করেন কিংবা নিয়মিত বেড়াতে যান।
মার্কিন নজরদারির তথ্য ফাঁস করে দিয়ে সারা বিশ্বে হইচই ফেলে দেওয়া স্নোডেন প্রায় এক মাস মস্কো বিমানবন্দরে ছিলেন। রুশ সরকার সাময়িকভাবে আশ্রয়ের অনুমতি দিলে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। এএফপি।