রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদ্যাপন কুচকাওয়াজে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া নিজের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকবে।গতকাল বুধবার মস্কোর রেড স্কয়ারে এই বার্ষিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। প্রায় ১৪ হাজার সেনা এতে অংশ নেন। প্রেসিডেন্ট পুতিন ও সদ্য দায়িত্বগ্রহণকারী প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ কুচকাওয়াজ পরিদর্শন করেন। জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর জয়ের ৬৭তম বার্ষিকী উপলক্ষে প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের অনুষ্ঠানে প্রদর্শিত হয় পরমাণু-অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র।বিপ্লবী নেতা লেনিনের সমাধির পাশে স্থাপিত মঞ্চে দাঁড়িয়ে পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার ইতিহাস বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাঁর দেশকে এগিয়ে যেতে ‘নৈতিক প্রেরণা’ জোগাবে। রাশিয়া বরাবরই বিশ্বের নিরাপত্তা জোরদার করার রাজনীতি করে আসছে।কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বশেষ সোভিয়েত নেতা বরিস ইয়েলৎসিন। প্রবীণ ব্যক্তিদের উদ্দেশে পুতিন বলেন, ‘আপনাদের কৃতিত্ব ও প্রজ্ঞার প্রতি আমরা সব সময় সত্যনিষ্ঠ থাকব। নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সামর্থ্য অনুযায়ী আমরা সবই করব।’বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ: কুচকাওয়াজ উপলক্ষে গতকালই সকালের দিকে পুতিনবিরোধী আন্দোলনের নেতা ও আইনজীবী আলেক্সাই নাভালনিসহ বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। রেড স্কয়ারে অনুষ্ঠিত কুচকাওয়াজের প্রাক্কালে বিনা অনুমতিতে জনসভা শুরু করার অভিযোগে ছোট একটি পার্ক থেকে তাঁদের আটক করা হয়।টুইটার বার্তায় নাভালনি লিখেন, ‘আমাকে আগেও আটক করা হয়েছিল। তবে আইন অমান্য করার যে অভিযোগ এবার আমার বিরুদ্ধে আনা হয়েছে, তা খুবই স্পর্শকাতর।’জনপ্রিয় আইনজীবী ও ব্লগ-লেখক নাভালনিকে গত মঙ্গলবারও আটক করা হয়েছিল। তাঁর আইনজীবী নিকোলাই পলোজভ বলেন, পুলিশের নির্দেশ অমান্য করার দায়ে নাভালনির সর্বোচ্চ ১৫ দিনের সাজা হতে পারে। এদিকে গত মঙ্গলবার থেকে পুলিশ হেফাজতে আটক বামপন্থী নেতা সার্গেই উদালস্তভ অনশন শুরু করেছেন।পুলিশ জানায়, মস্কোয় গত রোববার থেকে এ পর্যন্ত ৭৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি ও বিবিসি।