রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনা
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনবিরোধী বিক্ষোভকারী নেতাদের সঙ্গে মস্কোয় নিয়োজিত ওয়াশিংটনের নতুন রাষ্ট্রদূত বৈঠক করায় এ কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্ট মস্কোয় নিয়োজিত ওয়াশিংটনের নতুন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফাউলের তীব্র সমালোচনা করেছে। ১৭ জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূত ম্যাকফাউল পুতিনবিরোধী বিক্ষোভকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকের পরপরই পুতিন শিবিরের তীব্র তোপের মুখে পড়েন ম্যাকফাউল।পুতিনের ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া দলের একজন শীর্ষস্থানীয় নেতা মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বলেছেন, ‘মার্কিন প্রতিনিধি অবিশ্বাস্য নিরাশাজনক আচরণ করছেন।’রাশিয়ার প্রধান টেলিভিশন চ্যানেল ওয়ানের ধারাভাষ্যকার এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সোভিয়েত ইউনিয়নের পতন নিয়ে ম্যাকফাউল “রাশিয়ার অসমাপ্ত বিপ্লব” নামের একটি বই লিখেছেন। তিনি এখন ওই বিপ্লব শেষ করার মিশনে আছেন।’ এএফপি।