রাশিয়াকে আইন লঙ্ঘনের মাশুল দিতে হবে: ওবামা
ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার না করলে রাশিয়াকে পরিণতি মেনে নিতে হবে বলে যুক্তরাষ্ট্র আবারও সতর্ক করে দিয়েছে। এরই মধ্যে আগামী রোববার অনুষ্ঠেয় ক্রিমিয়ার গণভোটকে সামনে রেখে ইউক্রেনের সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।
ইউক্রেনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনিউক গত বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেন। এ সময় ওবামা মস্কো ও কিয়েভের মধ্যে চলমান অচলাবস্থায় ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলে আশ্বাস দেন। ইউক্রেন কোনো অবস্থায়ই সার্বভৌমত্ব বিসর্জন দেবে না বলে জানান ইয়াৎসেনিউক। আর তিনি ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার উদ্যোগে প্রশংসা করেন।
ইয়াৎসেনিউকের সঙ্গে বৈঠকের পর ওবামা বলেন, ‘রাশিয়ার সরকারকে আমরা বলব, বর্তমান পথে চলতে থাকলে তাদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাশুল দিতে হবে। আশা করি, রুশ প্রেসিডেন্ট (ভ্লাদিমির পুতিন) অন্য পথটি বেছে নেবেন।’
ওবামার পাশাপাশি বিত্তশালী দেশগুলোর সংগঠন জি সেভেনও ক্রিমিয়া দখলের ব্যাপারে রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার মহড়া: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বলেছে, তারা ইউক্রেন সীমান্তে নিজেদের সামরিক শক্তির মহড়া দিতে যাচ্ছে। এতে ট্যাংক, কামান ও পদাতিক বাহিনী অংশ নেবে। আগামী রোববার গণভোট সামনে রেখে ক্রিমিয়ায় রুশ সেনাদের সশস্ত্র টহল অব্যাহত রয়েছে। আর ইউক্রেন সীমান্তে রাশিয়ার হাজার হাজার ছত্রীসেনা গতকাল মহড়া দিয়েছে। এ ছাড়া রাশিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চলে হাজার হাজার সেনা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। এএফপি ও সিএনএন।