রাশিয়াজুড়ে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার রাজধানী মস্কোসহ অনেক শহরে গতকাল শনিবার সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে বিরোধীরা এ বিক্ষোভের আয়োজন করে। রাশিয়ায় গত দুই দশকের মধ্যে এ বিক্ষোভ সবচেয়ে বড় ছিল বলে তারা দাবি করছে।গত রোববার অনুষ্ঠিত দুমার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া। তবে গত নির্বাচনের চেয়ে তাদের ভোট কমে প্রায় ১৫ শতাংশ। নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তোলে বিরোধীরা। আন্দোলনকারীরা প্রথমে মস্কোয় ক্রেমলিনের কাছে রেভল্যুশন স্কয়ারে বিক্ষোভের পরিকল্পনা করেছিল। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি পায়নি তারা। পরে মস্কো নদীর একটি ছোট দ্বীপের বলতানিয়া স্কয়ারে ৩০ হাজার মানুষকে জড়ো হওয়ার অনুমতি দেওয়া হয়। অন্যান্য শহরেও বিক্ষোভের স্থান নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ।মস্কোতে বিক্ষোভের আগে অন্তত ৫০ হাজার পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। রেভল্যুশন স্কয়ারে যাতে কেউ জড়ো হতে না পারে, সে জন্য ছিল পুলিশের বেষ্টনী। এরপর কয়েক শ মানুষ মিছিল নিয়ে সেখানে যায়।সেন্ট পিটার্সবার্গের বিক্ষোভে যোগ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইটে প্রতিশ্রুতি দেয় ১৩ হাজার মানুষ। এ ছাড়া আরও ২০ হাজার মানুষ জানায়, তারাও বিক্ষোভে অংশ নিতে পারে। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় কয়েকজনকে পুলিশ আটক করে।ভ্লাদিভস্তকে মিছিল করার জন্য একটি স্কয়ারে জড়ো হয় পাঁচ শতাধিক মানুষ। পূর্বাঞ্চলীয় আরেক শহর খাবারোভস্কের লেনিন স্কয়ার থেকে ২০ বিক্ষোভকারীকে পুলিশ আটক করে। তবে কোমারসান্ত এফএম রেডিও জানায়, প্রায় ৮০ জনকে আটক করেছে পুলিশ। সাইবেরিয়া অঞ্চলের সবচেয়ে বড় শহর ক্রাসনোইয়ার্কসে বিক্ষোভ করে প্রায় সাড়ে তিন হাজার মানুষ। সাইবেরিয়ার অপর শহর তোমস্কে বিক্ষোভের জন্য জড়ো হয় পাঁচ শতাধিক মানুষ।গত দুই দশকের মধ্যে রাশিয়ার রাস্তায় গতকালের মতো বড় বিক্ষোভ হয়নি। তবে ক্রেমলিনকে বেকায়দায় ফেলার মতো বিক্ষোভ এখনো হয়নি। কিন্তু এ বিক্ষোভ দ্রুত আরও বড় আকার ধারণ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।দুমার নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ নিয়ে এর আগে অসন্তোষ প্রকাশ করেন হিলারি। এএফপি, বিবিসি।