রাশিয়ার আরও কয়েক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল সোমবার রাশিয়ার আরও কিছু নেতা ও কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। নতুন এই নিষেধাজ্ঞার লক্ষ্য, ইউক্রেন প্রশ্নে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হিসাব-নিকাশ’ পাল্টে দেওয়া।
পরে নতুন এই নিষেধাজ্ঞার বিস্তারিত প্রকাশ করা হবে। এর আগেও যুক্তরাষ্ট্র প্রশাসন রাশিয়ার বেশ কিছু কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করে। গত মাসে তার তালিকাও প্রকাশ করে ওয়াশিংটন।
তবে রাশিয়ার বিরুদ্ধে এখনো অর্থনীতি বা জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। যেটা রাশিয়ার ওপর সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব ফেলবে বলে বিবেচনা করা হয়।
ওবামা এশিয়া সফর শুরুর আগে ওয়াশিংটনে বলেন, ওয়াশিংটন ও তার মিত্ররা এ ধরনের কঠিন নিষেধাজ্ঞা ‘রিজার্ভ’ করে রেখেছে। পরিস্থিতি আরও ‘উত্তেজনাপূর্ণ’ হলে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন, এ পর্যন্ত যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা রাশিয়ার ওপর প্রভাব ফেলেছে কি না, সেটা তাঁর জানা নেই।
নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে মার্কিন কর্মকর্তারা জানান, নতুন এই নিষেধাজ্ঞায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ‘ঘনিষ্ঠ সহযোগীদের’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর লক্ষ্য হলো, ঘনিষ্ঠ সহযোগীরা যাতে ইউক্রেন প্রশ্নে পুতিনকে তাঁর ‘হিসাব-নিকাশ’ পরিবর্তনে ভূমিকা রাখেন।
এশিয়া সফররত ওবামা ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বলেন, নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য ব্যক্তি ভ্লাদিমির পুতিন নন। এর লক্ষ্য হলো, ইউক্রেন প্রশ্নে তাঁর হিসাব-নিকাশে পরিবর্তন আনা।
আরেকটি শহর বিদ্রোহীদের দখলে: ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের শিল্প শহর কোস্তিয়ানতিনিভকার পুলিশ সদর দপ্তর ও মিউনিসিপ্যাল প্রশাসন গতকাল দখলে নিয়েছে অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদীরা। তারা ওই অঞ্চলকে ‘পিপলস রিপাবলিক অব দোনেৎস্ক’ বলে ঘোষণা দিয়েছে। এদিকে খারকিভের মেয়র হেনাদি কার্নেস গুলিতে আহত হয়েছেন। রয়টার্স।