ইউক্রেন পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নিচ্ছে। এবার মস্কোর ওপর অবরোধ জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ধনী সাতটি দেশের সংগঠন জি-৭।
গতকাল শনিবার জি-৭-এর এই ঘোষণার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছে, রাশিয়ার সামরিক বিমান গত বৃহস্পতি ও শুক্রবার কয়েক দফায় ইউক্রেনের আকাশসীমা লঙ্ঘন করেছে।
রাশিয়ার ওপর অবরোধ জোরদার করার সিদ্ধান্তের কথা জানিয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ফ্রান্স, কানাডা ও ইতালিকে নিয়ে গঠিত জি-৭। কী ধরনের অবরোধ আরোপ করা হচ্ছে, তা উল্লেখ না করে বিবৃতিতে জানানো হয়, কাল সোমবার অবরোধের ঘোষণা দেওয়া হবে।
জি-৭-এর বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে। একটি সফল ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের জন্য রাশিয়ার বিরুদ্ধে অবরোধসহ যেসব পদক্ষেপ দরকার, আমরা তা নেব।’
ইউক্রেনের চলমান সংকটের জন্য রাশিয়াই দায়ী বলে অভিযোগ করে আসছে পশ্চিমা শক্তিগুলো। এ জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজনদের ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দসহ দেশটির কয়েকটি ব্যাংকের ওপর এরই মধ্যে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাশিয়ার অর্থনীতিতে বিশেষ করে জ্বালানি ও ব্যাংক খাতের ওপর প্রভাব আছে—এমন ব্যক্তিদের ওপর এ দফায় অবরোধ আরোপ করা হতে পারে।
রুশপন্থী অস্ত্রধারীরা প্রায় দুই সপ্তাহ আগে ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ ভবন দখল করে নেয়। এরপর তাদের হটাতে অভিযান শুরু করে ইউক্রেন। দুই পক্ষের মধ্যে এই সহিংসতা বন্ধে সপ্তাহকাল আগে সুইজারল্যান্ডের জেনেভায় একটি চুক্তিতে পৌঁছায় ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এতে অস্ত্রধারীদের নিরস্ত্র করতে রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়। এর পর থেকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, রাশিয়া জেনেভা চুক্তি বাস্তবায়ন করছে না, বরং ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় সেনাসমাবেশ করেই চলেছে।
গত শুক্রবার পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভেন ওয়ারেন অভিযোগ করেন, আগের ২৪ ঘণ্টায় রাশিয়ার যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করে কয়েক দফায় ইউক্রেনের মধ্যে ঢুকে পড়ে। তবে কোন অঞ্চলে এ ধরনের ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানাননি তিনি। পরিস্থিতি শান্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান পেন্টাগন মুখপাত্র। এএফপি।