রাশিয়ার ওপর আরও অবরোধ দিয়ে যেতে চান ওবামা
দিন কয়েক পরই মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে সরে যাচ্ছেন বারাক ওবামা। আর যাওয়ার আগে রাশিয়ার ওপর আরও কিছু অবরোধ দিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ায় মস্কোর হস্তক্ষেপের অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি এমন ব্যবস্থা নিতে যাচ্ছেন।
মস্কোর সঙ্গে ওবামা প্রশাসনের সম্পর্ক আগেও যে খুব ঘনিষ্ঠ ছিল, তা নয়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে রাশিয়ার ওপর বেশ কয়েকটি অবরোধ আরোপ করে রেখেছে। ইউক্রেনের বিরুদ্ধে রুশ অবস্থানের পরিপ্রেক্ষিতেই ওয়াশিংটন এমন ব্যবস্থা নিয়েছে। যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিটা আবার অন্য রকম। তিনি বেশ কয়েকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন। আর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ী হওয়ার ব্যাপারে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তিনি উড়িয়ে দিয়েছেন। তবে তাঁরই সমালোচক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সম্প্রতি লাটভিয়ায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ছিল কি না কংগ্রেস সেটা খতিয়ে দেখবে।
ওয়াশিংটন পোস্ট সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, হোয়াইট হাউস মস্কোর ওপর নতুন অবরোধ দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে। অবশ্য কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কাজেই নতুন অবরোধগুলো কেমন হবে, তা অস্পষ্ট। কারণ, ট্রাম্প ক্ষমতা নিয়ে সম্ভাব্য অবরোধগুলো প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি তিনি ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতিও দিতে পারেন। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নিয়েছে।
হ্যাকিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মস্কোর ওপর অবরোধ দেওয়া উচিত কি না সাংবাদিকেরা জানতে চাইলে ট্রাম্প গত বুধবার বলেছেন, ‘আমি মনে করি, জীবনের সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া উচিত। কম্পিউটার এসে জীবনকে অনেক বেশি জটিল করে দিয়েছে। কম্পিউটারের পুরো যুগটাই এমন যে কেউ ঠিকমতো জানে না কোথায় কী হচ্ছে।’
পররাষ্ট্রমন্ত্রীর পদে তেল ব্যবসায়ী রেক্স টিলারসকে বেছে নিয়েছেন ট্রাম্প, যিনি রাশিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনিও মস্কোর ওপর অবরোধ বহাল রাখার বিরুদ্ধে।