রাশিয়ার কর্মকর্তাদের ওপর ইইউ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া ও ইউক্রেনের রাশিয়াপন্থী কয়েকজন কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ ও তাঁদের সম্পত্তি জব্দ করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র। ক্রিমিয়ার পার্লামেন্টে এক গণভোটে রাশিয়ায় যোগ দেওয়া ও অঞ্চলটির স্বাধীনতার পক্ষে ৯৭ ভাগ ভোট পড়ার পর এ সিদ্ধান্ত নিল ইউরোপীয় ২৮ জাতির জোট ও যুক্তরাষ্ট্র।

বিবিসির খবরে বলা হয়, যে কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাঁরা গণভোট আয়োজনে বড় ভূমিকা রেখেছেন। গণভোটটিকে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইইউ অবৈধ আখ্যায়িত করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক সংবাদ সম্মেলনে বলেন, ওয়াশিংটন আরও নিয়ন্ত্রণ আরোপে প্রস্তুত। তবে এটি নির্ভর করবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার মনোভাবের ওপর। তিনি বলেন, মস্কো যদি ইউক্রেনের ব্যাপারে হস্তক্ষেপ করে, তবে রাশিয়া আরও বিচ্ছিন্ন হবে।
গত ফেব্রুয়ারি থেকেই রুশ বাহিনী ক্রিমিয়ায় নিয়ন্ত্রণ নেয়। তবে রাশিয়া দাবি করে, ক্রিমিয়ায় নিযুক্ত বাহিনী রুশপন্থী এবং সেখানে তাদের সরাসরি নিয়ন্ত্রণ নেই।
গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের মস্কোপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উত্খাতের পর থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্বাবস্থা তৈরি হয়।