রাশিয়ার কাছেই ফিরছে ক্রিমিয়া

রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটের গণনা শেষে চূড়ান্ত ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এতে ক্রিমিয়ার ৯৬ দশমিক ৬ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
এখন রাশিয়ার কাছে ক্রিমিয়ার ফিরে যাওয়া নিয়ে আন্তর্জাতিক আইনগত কোনো বাধা থাকল না।
রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে গতকাল রোববার ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়ায় গণভোট হয়। গণভোটের চূড়ান্ত ফল আজ সোমবার ঘোষণা করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক খবরে জানানো হয়, এই রায় ঘোষণার পর রাশিয়ার সর্বাধিক প্রচারিত সংবাদপত্র প্রাভদায় বলা হয়েছে, ‘রাশিয়ার কাছে ফিরে আসছে ক্রিমিয়া’। মস্কোভস্কি কমসোমোলেটস নামের আরেকটি পত্রিকায় বলা হয়েছে, ‘ইউক্রেনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে ক্রিমিয়ার’।
রাশিয়ার ইজভেসতিয়া পত্রিকায় এক সাক্ষাত্কারে ক্রিমিয়ার একজন ভোটার বলেন, ‘কেউ কেউ হয়তো এই রায় পছন্দ করেননি। তবে এ রায়ে আমরা খুশি।’
আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্র ক্রিমিয়ার এই গণভোটকে কখনো স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোনে এ কথা জানান ওবামা।
ক্রিমিয়ার নেতার বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার সঙ্গে যুক্ত হতে আজই আবেদন করা হবে। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ক্রিমিয়ার জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাবেন তিনি।
ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গণভোটকে অবৈধ বলে আখ্যায়িত করেছে। রাশিয়ার দাবি, আন্তর্জাতিক আইনেই সব পদক্ষেপ নিচ্ছে মস্কো।
গণভোটের ব্যালটে দুটি প্রশ্ন ছিল। একটি হলো, ভোটাররা ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে চান কি না। অন্যটি হলো, ভোটাররা ১৯৯২ সালের সংবিধান ফিরে পেতে চান কি না, যেখানে আরও বেশি স্বায়ত্তশাসন ভোগ করেছিল ক্রিমিয়া।