রাশিয়ার জি-৮-এর সদস্যপদ স্থগিত: ফ্রান্স
ক্রিমিয়া ইস্যুতে চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৮ থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যোহ ফ্যাবিউজ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
জি-৮ সংগঠনটিতে রাশিয়া ছাড়া অন্য সদস্য রাষ্ট্রগুলো হলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, জার্মানি, ইতালি ও জাপান। আসছে জুলাই মাসে সংস্থাটির শীর্ষ সম্মেলন রাশিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ জানিয়েছে, জুনে রাশিয়ায় নির্ধারিত সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাতটি সদস্য রাষ্ট্র। এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপ-১ রেডিওকে বলেছেন, ‘রাশিয়ার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ তিনি জানান, রাশিয়াকে ছাড়াই অন্য কোথাও এবারের জি-৮ সম্মেলনে মিলিত হবে সাতটি সদস্য রাষ্ট্র। এর বেশি বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গতকাল রাশিয়া এবং ইউক্রেনের রুশপন্থী ২১ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনে একই দিন এক সংবাদ সম্মেলনে হুমকি দেন, ইউক্রেন প্রশ্নে রাশিয়ার পরবর্তী ভূমিকা বিবেচনায় নিয়ে আরও কঠোর অবরোধ আরোপ করা হতে পারে। তবে রাশিয়ার দাবি, আন্তর্জাতিক আইনেই সব পদক্ষেপ নিচ্ছে মস্কো।
এরই মধ্যে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করার আইনি প্রক্রিয়া শুরু করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সঙ্গে একীভূত করতে ক্রিমিয়ার অনুরোধের বিষয়টি রুশ পার্লামেন্টকে অবহিত করেছেন তিনি।
ইউক্রেন ছেড়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে গত রোববার ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। গতকাল গণভোটের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ক্রিমিয়ার ৯৬ দশমিক ৬ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন। গণভোটের এক দিন পর নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ক্রিমিয়া। পাশাপাশি রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আবেদনও জানায় তারা।