রাশিয়ার ট্রেন স্টেশনে বিস্ফোরণ, নিহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের ভলগোগ্রাদ শহরের প্রধান ট্রেন স্টেশনে গতকাল রোববার এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এতে প্রায় ৪০ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ওই হামলায় একজন আত্মঘাতী নারী জড়িত ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, লাল ইটের তৈরি স্টেশনটির ওপরের দুটি তলা বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে। ভবনটির সামনে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। সেখান থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাটিকে সন্ত্রাসবাদীদের কাজ আখ্যা দিয়েছে রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি। তারা বলেছে, একজন আত্মঘাতী নারী হামলাকারীর জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। কেন্দ্রীয় পুলিশের একজন মুখপাত্র বলেন, সব ট্রেন স্টেশন ও বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ হামলার দায় তাক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স একটি সূত্রের বরাত দিয়ে জানায়, স্টেশনের প্রবেশপথে ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্রে ওই বোমার উপস্থিতি ধরা পড়েছিল।
সাবেক সোভিয়েত ইউনিয়নের যুগে ভলগোগ্রাদ শহরটি স্তালিনগ্রাদ নামে পরিচিত ছিল। সেখানে গত অক্টোবরেও এক নারী আত্মঘাতীর হামলায় একটি যাত্রীবাহী বাসে অন্তত ছয়জন নিহত হয়েছিল। রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত কট্টর ইসলামপন্থীরা এসব হামলার ঘটনায় জড়িত বলে ধারণা করা হয়। ওই বিদ্রোহীরা রাশিয়ার বড় বড় শহরগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি একাধিক সন্ত্রাসী হামলা হওয়ায় মস্কো কর্তৃপক্ষ রীতিমতো উদ্বিগ্ন ও সতর্ক। কারণ ভলগোগ্রাদের কাছাকাছি শহর শোচিতে ছয় সপ্তাহ পরেই শুরু হতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক। সন্ত্রাসী হামলা প্রতিরোধে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সতর্ক অবস্থান নিচ্ছে।
ক্রেমলিনের একজন মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব ধরনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।
চেচেনের বিদ্রোহী নেতা দকু উমারভ গত জুলাইয়ে অনলাইনে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, শীতকালীন অলিম্পিকের আসর ভন্ডুল করতে জঙ্গিরা ‘সর্বোচ্চ শক্তি’ কাজে লাগাচ্ছে। এএফপি ও বিবিসি।