রাশিয়ার দুমার ভোট গ্রহণ অনিয়মের অভিযোগ
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচনে গতকাল রোববার ভোট দিয়েছেন সে দেশের নাগরিকেরা। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়ার সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। তবে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের এই দলের বড় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যাপক জালিয়াতি ও অনিয়ম করেছে বলে অভিযোগ উঠেছে।নির্বাচনের আগে নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষকদের হয়রানি করা এবং নির্বাচনের দিন বিরোধী পক্ষের অনেক ওয়েবাসাইট গণহারে হ্যাক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আগামী মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে আবার ক্রেমলিনের ক্ষমতায় ফিরে আসতে চান বর্তমান প্রধানমন্ত্রী পুতিন। এর আগে দুমার এই নির্বাচনকে পুতিনের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা গোলোস গতকাল জানায়, নির্বাচনের প্রচারণায় ব্যাপক অনিয়ম হয়েছে। এমনকি ইউনাইটেড রাশিয়াকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ভয়ভীতিও দেখানো হয়। এ ছাড়া তাদের ওয়েবসাইটও হ্যাক করা হয়েছে।গোলোসের মুখপাত্র ওলগা নভোসাদ বলেন, ‘আমাদের ই-মেইল কাজ করছে না। বিভিন্ন অঞ্চলে আমাদের লোকজনের সঙ্গে যোগাযোগ করতে আমরা শুধু স্কাইপ ব্যবহার করছি।’এ ছাড়া মস্কোর জনপ্রিয় রেডিও চ্যানেল মস্কো ইকোর ওয়েবসাইটও হ্যাক করা হয়েছে। রেডিওটির প্রধান সম্পাদক অ্যালেক্সি ভেনেডিক্টভ টুইটারে লিখেছেন, ‘নির্বাচনের দিন ওয়েবসাইটে এই আক্রমণ পরিষ্কারভাবে অনিয়মের তথ্য প্রচার বাধাগ্রস্ত করার চেষ্টা।’পুতিনের ইউনাইটেড রাশিয়া আশা করছে, নির্বাচনে তাদের বড় সংখ্যাগরিষ্ঠতাই বজায় থাকবে। কিন্তু জনমত জরিপের ফলাফল অনুযায়ী, দলটির আসনসংখ্যা এবং ভোটের হার ২০০৭ সালের চেয়ে এবার বেশ কমবে। ২০০৭ সালের নির্বাচনে ৪৫০ আসনের দুমায় ইউনাইটেড রাশিয়া পেয়েছিল ৩১৫ আসন। আর তারা ভোট পেয়েছিল ৬৪ দশমিক ৩ শতাংশ।তবে প্রধান তিনটি বিরোধী দল—কমিউনিস্ট পার্টি, জাতীয়তাবাদী লিবারেল ডেমোক্র্যাটস ও এ জাস্ট রাশিয়া আশা করছে, এবার তাদের ভোট ও আসনসংখ্যা বাড়বে। যদিও ক্ষমতাসীন দলের জন্য তা খুব বেশি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এএফপি।