রাশিয়ার প্রতি নমনীয় হওয়ার অভিযোগ সঠিক নয়: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে রাশিয়ার প্রতি নমনীয় হবেন—রাশিয়াকে এমন কোনো কথা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রিপাবলিকান পার্টির অভিযোগ, সিউলে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক সম্মেলনে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে এ কথা দেন ওবামা। এ বিষয়টি মাইকেও শোনা গেছে। তবে এমন কোনো কথা বলার বিষয়টি অস্বীকার করেন ওবামা। তিনি বলেন, ‘ভোটারদের কাছে কোনো কিছু গোপন করছি না।’ আগামী নভেম্বরে তাঁকে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত করতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। ওবামা বলেন, রাশিয়ার সঙ্গে আস্থা বাড়ানোর ব্যাপারেই মেদভেদেভের সঙ্গে কথা বলেছেন। পারমাণবিক অস্ত্র কমানোর বিষয় নিয়েও তাঁদের মধ্যে কথা হয়। ওবামা বলেন, ‘কৌশলগত স্বার্থের কারণে রাশিয়ার সঙ্গে আমাদের সম্পৃক্ত হওয়া প্রয়োজন।’অভিযোগের ব্যাপারে ওবামা বলেন, ‘এটা আমি করতে পারতাম যদি আমি পেন্টাগন ও কংগ্রেসের পরামর্শ নিতাম। সত্যি কথা বলতে কি, এখন এ ধরনের বিষয় নিয়ে পরমার্শ করার উপযুক্ত পরিবেশও নেই।আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির নেতা মিট রমনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক প্রচারণায় বলেন, ‘দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে ওবামা রাশিয়ার প্রতি নমনীয় হবেন। আর কোন বিষয়ে নমনীয় হবেন, তা জানার অধিকার মার্কিন জনগণের আছে।’রমনির এই বক্তব্যের জবাবও দিয়েছেন ওবামার নির্বাচন প্রচারাভিযানের মুখপাত্র বেন লাবল্ট। তিনি বলেন, প্রেসিডেন্টের বক্তব্য বিকৃত করে রমনি নিজের আস্থা দুর্বল করে ফেলেছেন। এএফপি।