রাশিয়ার প্রস্তাব হিলারির প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিষয়ে জাতিসংঘে নতুন প্রস্তাব পাসে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি গতকাল রোববার বলেন, নতুন প্রস্তাবটি যদি ‘দন্তবিহীন’ হয়, তবে তা হবে অর্থহীন। কারণ, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সেটাকে অবজ্ঞা করবেন। রাশিয়া সফরকালে হিলারি ক্লিনটন বলেন, একটি নতুন প্রস্তাবের বিষয়ে তিনি মস্কোর সঙ্গে কাজ করতে ইচ্ছুক। তবে তিনি সতর্ক করে দেন, যদি এই প্রস্তাব কোনো ফলাফল বয়ে না আনে, তবে আসাদের সরকারকে বিদায় করে দিতে যুক্তরাষ্ট্র সহায়তা বাড়িয়ে দেবে। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলন শেষে হিলারি সাংবাদিকদের বলেন, ‘দন্তবিহীন কোনো প্রস্তাব পাস করার কোনো অর্থ হয় না। কারণ, আমরা বারবার দেখেছি, আবারও দেখব—আসাদ এটাকে অবজ্ঞা করছেন এবং তাঁর জনগণের ওপর আক্রমণ অব্যাহত রাখছেন।’ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ গত শনিবার হিলারির সঙ্গে বৈঠকের পর বলেন, গত জুনে জেনেভা সম্মেলনে গৃহীত সিরিয়ার প্রস্তাব অনুযায়ী জাতিসংঘের মাধ্যমে শান্তি পরিকল্পনা পাসের বিষয়ে তিনি আশা প্রকাশ করছেন।হিলারি বলেন, তিনি লাভরভের সঙ্গে বৈঠকে বলেন, প্রস্তাব না মেনে চললে আসাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেই কেবল সেই প্রস্তাব ফল বয়ে আনতে পারে। তিনি বলেন, এই মতভেদ অব্যাহত থাকলে আসাদের বিদায় ত্বরান্বিত করতে তাঁরা সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দিতে সমমনা দেশগুলোর সঙ্গে এককাট্টা হয়ে কাজ করবেন। এদিকে সিরিয়ার সরকারি সেনারা গতকাল আলেপ্পোর মিদান এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করেছে। ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে আগের দিন সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে। এএফপি ও বিবিসি।