রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ৪ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের ৪ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিল গতকাল শুক্রবার এ তথ্য জানায়। এ নির্বাচনকে বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে রাষ্ট্রের সর্বোচ্চ পদটিতে আবার ফিরে আসার আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হচ্ছে।ফেডারেল কাউন্সিলের ওয়েব সাইটের এক বিবৃতিতে জানানো হয়, সিনেটের অনুমোদনের পর সংবিধান অনুযায়ী ২০১২ সালের ৪ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে।গত সেপ্টেম্বরে পুতিন ঘোষণা দেন, তিনি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচন করার পরিকল্পনা করছেন। আর বর্তমান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তাঁর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করবেন। মেদভেদভও পুতিনের এ পরিকল্পনায় সম্মত হন।বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব রাশিয়া ও ন্যাশনাল লিবারেল ডেমোক্রেটিক পার্টি অব রাশিয়া ইতিমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টি কাল রোববার এক সম্মেলনের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করবে। ধারণা করা হচ্ছে, এ সম্মেলনে পুতিনকে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। সম্মেলনে দলের ১১ হাজার নেতা অংশ নেবেন।৫৯ বছর বয়সী পুতিন নির্বাচনে জয়ী হলে ছয় বছর ক্ষমতায় থাকতে পারবেন। ২০০৮ সালে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে ছয় বছর করা হয়। এর আগে ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন পুতিন। সংবিধানের বাধ্যবাধকতার কারণে তখন পুতিন তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেননি। ২০০৮ সালে প্রেসিডেন্ট হন দিমিত্রি মেদভেদেভ। বিশ্লেষকেরা মেদভেদেভকে পুতিনের ছায়া হিসেবে দেখে আসছেন। এএফপি ও রয়টার্স।