রাশিয়ার বিক্ষোভে উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র: পুতিন
রাশিয়ার নির্বাচন-পরবর্তী বিক্ষোভ যুক্তরাষ্ট্র উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। ওই নির্বাচনের পর প্রধানমন্ত্রী পুতিন গতকাল বৃহস্পতিবার এই প্রথম বিক্ষোভের বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বললেন।গত রোববার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া বিজয়ী হলেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে হাজার হাজার মানুষ পুতিনবিরোধী বিক্ষোভ করছে। রাজধানী মস্কোতে গত তিন দিনে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ সপ্তাহ শেষে আবার নতুন করে মিছিল বের করার পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের।পুতিন অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র তাঁর দেশে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিক্ষোভকে উৎসাহিত করছে এবং নির্বাচনের ফল প্রভাবিত করতে লাখ লাখ ডলার ব্যয় করেছে।পুতিন অভিযোগ করে বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ক্রেমলিনবিরোধীদের সংকেত দিয়েছেন। আর তাতে তারা উৎসাহিত হয়ে বিক্ষোভ করছে।’ তিনি আরও বলেন, রাশিয়ার বেশির ভাগ মানুষ বিশৃঙ্খলা চায় না। তারা চায় না তাদের দেশে সেই পরিস্থিতির উদ্ভব হোক, যেমনটা হয়েছে কিরগিজস্তান বা ইউক্রেনে।হিলারির বিরুদ্ধে পুতিন আরও বলেন, তিনি গুটিকয়েক বিরোধীর জন্য কথা বলছেন। তাদের সংকেত দিয়েছেন। বিরোধীরা এই সংকেত শুনেছে এবং সক্রিয়ভাবে কাজ করা শুরু করেছে।পুতিন বলেন, ‘আমার এখানে সবাই প্রাপ্তবয়স্ক। আমরা বুঝতে পারি, কিছু সংস্থা তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজ করছে।’ তিনি এসব সংস্থার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা বিদেশি সরকারের হয়ে কাজ করে রাশিয়ার রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে, তাদের এর কৈফিয়ত দিতে হবে।প্রসঙ্গত, দুমার নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হিলারি ক্লিনটন এ নির্বাচনকে অস্বচ্ছ ও পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার নির্বাচন অবাধ বা নিরপেক্ষ কোনোটাই হয়নি। একই ধরনের কথা বলেছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ। তিনি বলেছেন, ব্যাপক ভোট জালিয়াতি হওয়ায় পুনরায় নির্বাচন হওয়া উচিত।এদিকে রাশিয়ার একটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা গতকাল বলেছে, পুতিনের দল মাত্র ৩০ শতাংশ ভোট পেয়েছে। অথচ সরকারিভাবে ঘোষণা করা হয় যে দলটি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে। বিদেশি পর্যবেক্ষকেরা বলেছেন, তাঁরা নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির প্রমাণ পেয়েছেন। বিবিসি ও এএফপি।