রাশিয়ার বিভিন্ন শহরে পুতিনবিরোধী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার রাজধানী মস্কো ও প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গসহ বিভিন্ন এলাকায় গতকাল রোববার বিক্ষোভ হয়েছে। পুতিনের ক্রেমলিনে ফিরে আসার বিরুদ্ধে এসব বিক্ষোভের আয়োজন করা হয়।আগামী সপ্তাহের শেষে অনুষ্ঠেয় নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী পুতিন তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে ভাবা হচ্ছে। ওই নির্বাচনকে কেন্দ্র করে এক মাস ধরে সপ্তাহান্তে পুতিনবিরোধী বিক্ষোভ হয়ে আসছে। অবশ্য পুতিনের সমর্থনেও এ সময় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মস্কোতে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে প্রতীকী বিক্ষোভ করা হয়। মস্কোর গার্ডেন রিং রোডে স্থানীয় সময় বেলা দুইটায় মানববন্ধন শুরু হয়। পুলিশের ভাষ্যমতে, মানববন্ধন শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই অংশগ্রহণকারীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে যায়। মানববন্ধনে অংশ নেওয়া ২২ বছর বয়স্ক মিখাইল গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের উদাহরণ দিয়ে বলেন, ‘ওই নির্বাচনে যা ঘটেছে তার বিরোধিতা করতেই আমরা এখানে এসেছি।’ ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগে রাশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়।জনপ্রিয় লেখক ও বিক্ষোভ অনুষ্ঠানের সংগঠক বোরিস আকুনিন মস্কোতে অনুষ্ঠিত মানববন্ধনে বলেন, ‘এটাই হয়তো শেষ শান্তিপূর্ণ সমাবেশ। কারণ, ৫ মার্চ কী ঘটবে কেউই জানে না।’ আগামী ৪ মার্চ নির্বাচন অনুষ্ঠানের পরের দিন অর্থাৎ ৫ মার্চ পুতিনবিরোধী কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে বিক্ষোভকারীরা। পুলিশ ওইদিন বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। কিছু প্রভাবশালী বিরোধী নেতা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, পুতিন নির্বাচিত হলে তাঁরা সমর্থকদের রাস্তায় নামানোর মাধ্যমে তাঁর তৃতীয় মেয়াদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেবেন।মস্কোর বাইরে পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গেও বিক্ষোভ হয়েছে। সেখানে প্রায় তিন হাজার বিক্ষোভকারী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া সাইবেরিয়ার টোমস্ক ও কেমারোভো শহরেও ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এএফপি।