রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, রাশিয়ায় কোনো বিষয়ে তিনি কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না। আগামী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার মস্কোর লুজনিকি স্পোর্টস স্টেডিয়ামে বিশাল সমাবেশ করেছেন পুতিন। পুতিনের অল রাশিয়ান পপুলার ফ্রন্ট (ওএনএফ) সমাবেশের আয়োজন করে। পুতিনের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার উদ্দেশে বিভিন্ন শ্রেণী ও পেশার সমন্বয়ে ওএনএফ গত বছর প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে। সমাবেশের আগে হাজার হাজার সমর্থক মস্কোয় ‘দেশ রক্ষা করো’ স্লোগান নিয়ে মিছিল বের করে। ওএনএফের তথ্য অনুযায়ী, মিছিলে প্রাথমিকভাবে পায় ৪০ হাজার মানুষ অংশ নেয়। আর সমাবেশে অংশ নেয় প্রায় এক লাখ মানুষ।বিরোধীরা অভিযোগ করেছে, মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে বিনা মূল্যে চা ও পিঠা বিতরণ করা হয়েছে। এ জন্য রাস্তায় রাস্তায় তাঁবু স্থাপন করা হয়। পুতিনের একসময়কার অজেয় জনপ্রিয়তায় ধস নেমেছে। সমাবেশে অংশ নিতে সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছে।তবে পুতিনের নির্বাচনী প্রচারকাজের প্রধান স্টানিস্লাভ গভোরুখিন অভিযোগ অস্বীকার করে বলেন, মিছিল কিংবা সমাবেশে অংশ নিতে কাউকে বাধ্য করা হয়নি। এএফপি।