রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করেছে ইরাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সঙ্গে অস্ত্র ক্রয়সংক্রান্ত ৪২০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি বাতিল করেছে ইরাক। ‘দুর্নীতির’ কারণে এই চুক্তি বাতিল করা হয় বলে জানানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইরাক সরকার।ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকির মুখপাত্র আলী মুসাবি গতকাল শনিবার বলেন, রাশিয়ার সঙ্গে ৪২০ কোটি মার্কিন ডলারের একটি অস্ত্র ক্রয় চুক্তি বাতিল করা হয়েছে। তবে এই চুক্তি বাতিলের দিনক্ষণ উল্লেখ করেননি মুসাবি। তিনি জানান, প্রধানমন্ত্রী গত মাসে রাশিয়া সফর করে আসার পর এই চুক্তি বাতিল করেন। প্রধানমন্ত্রী সন্দেহ করছেন, এই চুক্তির ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে। তাই পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখতে চান। এ ঘটনায় তদন্ত চলছে।গত মাসেই ইরাক ও রাশিয়ার মধ্যে অস্ত্র ক্রয়-বিক্রয়সংক্রান্ত এই চুক্তি হয়। চুক্তির আওতায় রাশিয়ার কাছ থেকে এমআই-২৮ মডেলের আক্রমণকারী হেলিকপ্টার ও ভূমি থেকে আকাশে নিক্ষেপ করার মতো ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা ছিল ইরাকের। যুক্তরাষ্ট্র ইরাক অভিযান শেষ করার পর বাগদাদ বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের জন্য সশস্ত্র বাহিনীকে নতুন করে গড়ে তুলছে। এর কারণে অস্ত্র কিনছে দেশটি।চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করলেও বিষয়টি নিয়ে ইরাক নতুন করে রাশিয়ার সঙ্গে আলোচনা করবে কি না, তা জানাতে অস্বীকার করেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মুসাবি। দুর্নীতির অভিযোগের বিষয়টি ঠিক কোন সংস্থা বা কোন ব্যক্তি তদন্ত করছে, তা-ও জানাতে অস্বীকার করেন তিনি। এই চুক্তি বাস্তবায়িত হলে বর্তমান ইরাকে যুক্তরাষ্ট্রের পর রাশিয়াই হতো বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আমলে দেশটির প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ছিল রাশিয়া।চুক্তি বাতিলের ব্যাপারে বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে, রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ইরাকের কাছে গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্রও আছে বলে অভিযোগ তুলে ২০০৩ সালে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক পর্যায়ে সাদ্দাম হোসেনকে আটক করে তাঁর মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ইরাক অভিযান শেষ করার ঘোষণা দেন। তারপরও দেশটির বর্তমান সরকারের ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব রয়েছে। বিবিসি, এএফপি।