রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে আজ ক্রিমিয়ায় গণভোট
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের স্বায়ত্তশাসিত ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সঙ্গে যুক্ত হবে কি না, সেই প্রশ্নে আজ রোববার গণভোট হতে যাচ্ছে।
ক্রিমিয়ায় গণভোটের প্রাক্কালে সহিংসতায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে মস্কোপন্থী ও কিয়েভপন্থীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
যুক্তরাষ্ট্র ক্রিমিয়ার গণভোটকে অবৈধ আখ্যা দিয়ে নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই পোল্যান্ড ও লিথুয়ানিয়া সফরে যাচ্ছেন। তবে নিরাপত্তা পরিষদে রাশিয়া প্রায় নিশ্চিতভাবেই ভেটো দেবে। যুক্তরাষ্ট্র আশা করছে, পরিষদের মোট ১৫ সদস্যের মধ্যে তাদের প্রস্তাব ১৩টি ভোট পাবে। রাশিয়ার ভূরাজনৈতিক মিত্র চীন বরাবরের মতোই মস্কোর পাশে রয়েছে।
রুশভাষী-অধ্যুষিত শহর খারকিভে শুক্রবার সহিংসতার জন্য মস্কোপন্থী ও কিয়েভপন্থীরা পরস্পরকে দায়ী করছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন রাশিয়াপন্থী এবং একজন পথচারী ছিলেন। পুলিশের অভিযোগ, ওই দুজনকে জাতীয়তাবাদীরা গুলি চালিয়েছে।
ক্রিমিয়া দখলের পর রুশ বাহিনী সেখানে সামরিক নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে। আর ক্রিমিয়া থেকে ইউক্রেনে প্রবেশকারী ট্রেনগুলোতে কঠোর তল্লাশি করছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী। খারকিভের সহিংসতার ঘটনাকে ‘উসকানিমূলক’ বলে মন্তব্য করেছেন সেখানকার গভর্নর ইহর বালুতা।
ইউক্রেনের পূর্ব সীমান্ত এলাকায় উসকানিমূলক ঘটনা বৃদ্ধির জন্য রাশিয়াকে দায়ী করছে কিয়েভ। তবে মস্কো এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। ক্রিমিয়া সংকটের ব্যাপারে অবস্থান না পাল্টালে মস্কোর ওপর কঠোর অবরোধ আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
ইউক্রেনে শুক্রবার সহিংসতায় হতাহতের ঘটনায় উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্র-রাশিয়া সমঝোতা হয়নি: ক্রিমিয়া নিয়ে সংকটের সমাধানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ক্রিমিয়ায় গণভোট বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা শুক্রবার শেষ মুহূর্তে ব্যর্থ হয়। রাশিয়া ওই গণভোটের প্রতি সম্মান প্রদর্শনের ঘোষণা দিয়েছে।
আজ অনুষ্ঠেয় গণভোটের আগে ক্রিমিয়ার ব্যাপারে রাশিয়া কোনো সিদ্ধান্ত জানাতে রাজি হয়নি। গণভোটে কৃষ্ণসাগর উপদ্বীপের সংখ্যাগুরু রুশভাষীরা মস্কোর সঙ্গে যুক্ত হওয়ার পক্ষেই ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে মুসলিম তাতার সংখ্যালঘুরা ভিন্ন মত প্রকাশ করতে পারেন। ক্রিমিয়া উপদ্বীপের ২০ লাখ মানুষের অধিকাংশই রুশভাষী।
উগ্র জাতীয়তাবাদীদের নিষিদ্ধ করতে মস্কোর আহ্বান: ইউক্রেনে শুক্রবার সহিংসতায় দুজন নিহত হওয়ার পর সেখানকার উগ্র জাতীয়তাবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কনস্তানতিন দোলগভ গতকাল বলেন, জাতিগোষ্ঠীগুলোর মধ্যে ঘৃণা ছড়ানোর উসকানি দেওয়ার সঙ্গে জড়িত জাতীয়তাবাদীদের অবৈধ ঘোষণা করা উচিত। এএফপি ও বিবিসি।