রাশিয়ায় দাবানলের কারণে সাতটি প্রদেশে গতকাল সোমবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলে এ পর্যন্ত অন্তত ৪০ জন মারা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রাষ্ট্রীয় টেলিভিশনে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়ে বলেন, এটি দারুণ বেদনাদায়ক ঘটনা। অনেক পরিবারের কিছুই অবশিষ্ট নেই। দাবানলে সবকিছুই ধ্বংস হয়ে গেছে। মেদভেদেভ বলেন, এই ক্ষতি কাটিয়ে উঠতে প্রায় সাড়ে ১৬ কোটি মার্কিন ডলার ব্যয় করতে হবে। ভবিষ্যতে যাতে এমন ভয়াবহ দাবানল ছড়িয়ে না পড়ে, সে জন্য নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে জানান প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন দাবানলকবলিত এলাকায় প্রধান প্রধান স্থাপনা রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।দাবানলের কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছে। অনেক শস্যখেত পুড়ে গেছে। জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গতকাল এক হাজার ২১০ বর্গকিলোমিটার এলাকায় আগুন জ্বলছিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানায়, দাবানলে গতকাল ১২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত অন্তত ৪০ জন মারা গেছে। কর্তৃপক্ষ জানায়, রাজধানী মস্কোর প্রায় সাড়ে তিন শ কিলোমিটার পূর্বে নিঝনি নভগরোড প্রদেশের সারভ এলাকায় একটি পরমাণু গবেষণা কেন্দ্রের কাছে দমকল বাহিনীর কর্মীর সংখ্যা ১০ গুণ বাড়ানো হয়েছে। এই পরমাণু গবেষণা কেন্দ্রে রাশিয়ার প্রথম পারমাণবিক ও হাইড্রোজেন বোমার নকশা করা হয়। তবে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের মুখপাত্র সার্জিও নোভিকোভ জানান, ওই পরমাণু কেন্দ্র বিপদমুক্ত রয়েছে। তবে পরবর্তী সময়ে ঝুঁকিমুক্ত রাখতে দমকল বাহিনীর একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে। রয়টার্স।