রাশিয়ার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে চান পুতিন
রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা হবে। ইউরোপে ন্যাটো যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাইছে, তার জবাবে সামরিক ও প্রযুক্তির ক্ষেত্রে একটি ‘অপ্রতিসম ও কার্যকর’ ব্যবস্থা গড়ে তোলা হবে। গতকাল সোমবার রাশিয়ার একটি পত্রিকায় এক নিবন্ধে রুশ প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাতীয় নিরাপত্তা নিয়ে লেখা এ নিবন্ধে পুতিন বলেন, ‘আমাদের দুর্বলতার সুযোগ কেউ নিক, সেটা আমরা কখনোই হতে দেব না।’আগামী ৪ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। আশা করা হচ্ছে, ওই নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো আবারও রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারেন পুতিন।নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুতিন এ নিয়ে টানা ছয়টি নিবন্ধ লিখলেন। তিনি লিখেছেন, ‘আমরা কোনো অবস্থায় আমাদের কৌশলগত যেসব প্রতিবন্ধকতা আছে, সেগুলোর কাছে নতি স্বীকার করব না। এই প্রতিবন্ধকতা দূর করে সামরিক বাহিনী শক্তিশালী করা হবে।’দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে পুতিন ওই যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ে জড়িয়ে পড়ার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ন্যাটো ইউরোপে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছে, তার জবাবে রাশিয়াও শক্ত ব্যবস্থা নেবে। তিনি বলেন, ‘আমাদের মহাশূন্য ও আকাশসীমা প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালীকরণে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের সময় এখনই। যুক্তরাষ্ট্রের নীতি ও ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রশ্নে আমরা এ পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হচ্ছি।’তবে পুতিন বলেন, ন্যাটোর পরিকল্পনার জবাব দিতে গিয়ে রাশিয়ার ‘ব্যয়বহুল’ কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। কিন্তু রাশিয়ার পরমাণু শক্তি, মহাশূন্য ও আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এমন ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রতিরোধ করা সম্ভব হয়।রাশিয়ার এই নেতা আরও বলেন, ‘অতীতে আমাদের যেসব ঘাটতি ছিল, আগামী দশকে আমরা অবশ্যই সেসব কাটিয়ে উঠব।’ এএফপি।