রাশিয়ার হস্তক্ষেপের আশঙ্কা জনসনের
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী মাসে তাঁর দেশের জাতীয় নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করতে পারে- এমন ‘বাস্তবোচিত সম্ভাবনা’ রয়েছে। টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে রক্ষণশীল রাজনীতিক জনসন বলেন, ৮ জুনের নির্বাচনে লেবার দলের নেতা জেরেমি করবিন জিতলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘উল্লাস করবেন’। পুতিনের কথা উল্লেখ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনের ক্ষেত্রে তিনি ঠিক তাই করেছেন। ফ্রান্সেও এ রকম হয়েছে। পশ্চিম বলকানে তিনি সব ধরনের উল্টোপাল্টা কার্যকলাপে লিপ্ত। সুতরাং আমাদের খুব সাবধানে থাকতে হবে।’ বরিস জনসন বলেন, পুতিন গণতন্ত্রের প্রতি আস্থা নষ্ট করতে চান। তিনি পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ারই ক্ষতি করতে চান। ব্রেক্সিট প্রসঙ্গে জনসন বলেন, ইইউ ত্যাগের জন্য ‘ডিভোর্স বিল’ হিসেবে যুক্তরাজ্যের মোটা অর্থ দেওয়ার বদলে ইইউ এরই যুক্তরাজ্যকে অর্থ দিতে হতে পারে, কারণ যুক্তরাজ্য এ জোটের জন্য অনেক অবদান রেখেছে।