রাশিয়ায় আকস্মিক বন্যায় ৯৯ জনের প্রাণহানি
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদারস্কি ক্রাই অঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ৯৯ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত এক হাজার ৩০০ মানুষ। গতকাল শনিবার সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। গত এক দশকের মধ্যে এটি ওই অঞ্চলে ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয়। রুশ প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে একটি কমিশন গঠন করেছেন।পুলিশের আঞ্চলিক মুখপাত্র ইগোর জেলইয়াবিন জানান, আকস্মিক বন্যায় ক্রিমস্ক এলাকা থেকে ১০ বছরের একটি শিশুসহ ৫৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কৃষ্ণ সাগরের উপকূলবর্তী শহর গেলেন্দঝিকে থেকে নয়জন ও নভোরস্কিক বন্দর এলাকা থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার-তৎপরতা অব্যাহত রয়েছে। দিন শেষে আরও লাশ পাওয়া যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন পুলিশের এই মুখপাত্র। ক্রাসনোদারস্কি ক্রাইয়ের আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। কয়েক দিনের টানা বৃষ্টিপাত এ আকস্মিক বন্যার সৃষ্টি করে। এ কারণে পুরো এলাকাটিকে দুর্যোগকবলিত অঞ্চলে পরিণত করেছে। প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, বন্যায় মৃত্যুর পাশাপাশি প্রায় এক হাজার ৩০০ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে একটি কমিশন গঠন করেছেন বলে তাঁর দপ্তর থেকে জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বন্যাকবলিত এলাকায় বিমান ও হেলিকপ্টারে করে জরুরি উদ্ধার ও ত্রাণদল পাঠানো হয়েছে। এএফপি।