রাশিয়ায় ইউএসএআইডির কার্যক্রম বন্ধ
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) রাশিয়ায় তাদের কার্যালয় বন্ধ করে দিয়েছে। রাশিয়া সরকারের নির্দেশে কার্যক্রম বন্ধ করা হয় বলে সংস্থাটি জানিয়েছে। ইউএসএআইডিকে ১ অক্টোবরের মধ্যে কার্যক্রম বন্ধ করতে রাশিয়া সরকার নির্দেশ দিয়েছে।রাশিয়ায় অভ্যন্তরীণ রাজনীতিতে ইউএসএআইডি প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে দেশটির সরকার অভিযোগ করেছে। দেশটিতে পুতিনবিরোধী আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণকারী সরকার বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) প্রতিও সন্দিহান হয়ে পড়ে। বিরোধীদের অভিযোগ, পুতিন তাঁর বিরোধীদের ওপর নানাভাবে নিপীড়ন চালাচ্ছেন।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এসব এনজিও বিভিন্ন পর্যায়ের নির্বাচন, সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানসহ রাজনৈতিক প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘রাশিয়ায় গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং সুশীল সমাজের শক্তিশালী ভূমিকার প্রতি সমর্থন অব্যাহত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। দেশটিতে বিভিন্ন এনজিও কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে।’পুতিনবিরোধী সংগঠনগুলোর আন্দোলনে বিদেশি অর্থায়ন রয়েছে বলে সরকারের ধারণা। বিবিসি ও রয়টার্স।