রাশিয়ায় উল্কাপাত, আহত ৯৫০
রাশিয়ার মধ্যাঞ্চলে গতকাল শুক্রবার সকালে ভয়াবহ উল্কাপাতের ঘটনায় কমপক্ষে ৯৫০ জন আহত হয়েছেন। এ সময় অনেকের বাড়িঘরের জানালা উড়ে যায় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।জ্বলন্ত সব পাথরখণ্ডের ওই উল্কা মধ্য রাশিয়ার ইউরাল অঞ্চলে আঘাত হানে। এটি কয়েক শ কিলোমিটার দূর থেকেও দেখা গেছে। ক্ষতিগ্রস্ত চেলিয়াবিনস্ক এলাকার বাসিন্দারা জানান, উল্কাপাতকালে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে ও বিভিন্ন গাড়িতে আগুন ধরে যায়। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, চেলিয়াবিনস্ক থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে ইয়েকাটেরিনবার্গ থেকে তিনি ওই বৃষ্টি দেখেছেন।চেলিয়াবিনস্ক এলাকার চিকিৎসা কর্মকর্তারা জানান, আহত অন্তত ১০০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ব্যক্তিদের অধিকাংশই আহত হন বৃষ্টিপাতের সময় ঘরের জানালার কাচ ভেঙে। আহত ব্যক্তিদের অনেকেই মাথায় আঘাত পেয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, উল্কাবৃষ্টির আগে ইয়েকাটেরিনবার্গে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পর পরই এর আকাশে দ্রুতবেগে অগ্নিকুণ্ড ছুটে যেতে দেখা যায়। চেলিয়াবিনস্কের পার্শ্ববর্তী এক শহরের একটি লেকের কাছে ওই উল্কা আছড়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।চেলিয়াবিনস্কের বাসিন্দা সের্গেই হ্যামেটভ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘প্রথমে আমি এক প্রকাণ্ড আলোর ঝলকানি দেখতে পাই। সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে তীব্র বজ্রপাতের শব্দ শুনি।’দেশটির জরুরি সেবা প্রদানবিষয়ক মন্ত্রণালয় বলেছে, আহত ব্যক্তিদের সহায়তায় কয়েক হাজার উদ্ধারকর্মী সংশ্লিষ্ট এলাকায় ছুটে গেছেন। রাজধানী মস্কো থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার পূর্বে চেলিয়াবিনস্কে অনেক শিল্পকারখানা, একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং পরমাণু বর্জ্য সংরক্ষণাগার ও শোধনাগার রয়েছে। বিবিসি।