রাশিয়ায় একীভূত হচ্ছে ক্রিমিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের কৃষ্ণসাগর-তীরবর্তী স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে একীভূত হতে যাচ্ছে। ক্রিমিয়ার পার্লামেন্টের সদস্যরা গতকাল বৃহস্পতিবার রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দেন। পার্লামেন্টে ১০ দিনের মধ্যে গণভোট আয়োজনের সিদ্ধান্ত হয়। এদিকে এই গণভোট আয়োজনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ক্রিমিয়া নিয়ে যখন ইউক্রেনের ভেতর ও বাইরে টান টান উত্তেজনা, এমনকি রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর যুদ্ধ-পূর্ব পরিস্থিতি বিরাজ করছে, ঠিক তখন এ রকম নাটকীয় ঘটনা ঘটল। আয়োজন করা হলো আকস্মিক ভোটাভুটির। তবে ইউক্রেন সরকার এমন ভোটাভুটিকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছে।
ক্রিমিয়ার দখলদারি থেকে পিছু হটে একটি সমঝোতায় পৌঁছার লক্ষ্যে রাশিয়াকে চাপে ফেলতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের নেতারা গতকাল ব্রাসেলসে এক জরুরি বৈঠকে বসেন। ইইউর এ উদ্যোগের কারণেই ক্রিমিয়ার পার্লামেন্ট মস্কোর সঙ্গে মিশে যেতে তড়িঘড়ি এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইইউ গতকাল বলেছে, সংস্থাভুক্ত দেশগুলোতে রাশিয়ার নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ সহজ করা বিষয়ে মস্কোর সঙ্গে আলোচনা তারা স্থগিত করছে।
ক্রিমিয়া ইউক্রেনের অন্তর্ভুক্ত হলেও সেখানে জাতিগত রুশরা সংখ্যাগরিষ্ঠ। সম্প্রতি ব্যাপক ও সহিংস বিক্ষোভের মুখে ইউক্রেনের রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ দেশ ছেড়ে পালিয়ে যান। এ অবস্থায় নিজ স্বার্থরক্ষার অজুহাতে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেয় রাশিয়া।
গতকাল ক্রিমিয়ার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটি প্রসঙ্গে রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ বলেছে, ‘রুশ ফেডারেশনে যোগ দেওয়ার পক্ষে ক্রিমিয়ার পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে।’ পার্লামেন্টের এ পদক্ষেপের পর ক্রিমিয়ার উপপ্রধানমন্ত্রী ঘোষণা করেন, রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার ব্যাপারে ১৬ মার্চ গণভোট হবে।
পূর্ব-পশ্চিমের ভয়াবহ দ্বন্দ্ব: কূটনীতিকেরা বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদন ছাড়া গণভোটের ওই ঘোষণা আসতে পারে না। ইতিমধ্যে ক্রিমিয়া থেকে রুশ সেনাদের ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে পশ্চিমা কূটনীতিকদের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
ইইউর জরুরি শীর্ষ বৈঠক: ইউক্রেন-সংকট সমাধানে গতকাল ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেন ইইউর নেতারা। শীর্ষ বৈঠকে যোগ দিতে গতকাল ব্রাসেলসে পৌঁছে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সাংবাদিকদের বলেন, ‘উত্তেজনা কমিয়ে আনতে রাশিয়ার ওপর এমন চাপ দিতে হবে, যেন প্রয়োজনে অবরোধ আরোপ করা যায়।’
এদিকে সংকট নিরসনে অনাগ্রহ রাশিয়ার। ইতিমধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইউক্রেনের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি নাকচ করে দেন।
অবরোধে প্রস্তুত যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র বলেছে, তারা রাশিয়ার বিরুদ্ধে কয়েক সপ্তাহ নয়, বরং কয়েক দিনের মধ্যে অবরোধ আরোপে প্রস্তুত। অবরোধের আওতায় রুশ কর্মকর্তাদের ভিসা বাতিল, সম্পদ জব্দ করা ও বাণিজ্যিক সম্পর্কে বিধিনিষেধ—এ রকম পদক্ষেপ নেওয়া হতে পারে। রয়টার্স, বিবিসি।